ঢাকা মহানগর বিএনপির দুই অংশের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে দলের চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালামকে আহ্বায়ক ও নির্বাহী কমিটির সদস্য রফিকুল আলম মজনুকে সদস্য সচিব করে ঢাকা মহানগর দক্ষিণ এবং দলের চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমানকে আহ্বায়ক ও নির্বাহী কমিটির ক্রীড়াবিষয়ক সম্পাদক আমিনুল হককে সদস্য সচিব করে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি করা হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গতকাল সোমবার এই দুই কমিটি ঘোষণা করা হয়।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকা মহানগর বিএনপির নতুন দুই আহ্বায়ক কমিটি অনুমোদন করেছেন। তবে কমিটি ঘোষণা করা হলেও কবে নাগাদ এসব কমিটির নেতারা কার্যক্রম শুরু করবেন এবং কতদিনের মধ্যে মহানগরের সব কমিটি করতে হবে সে বিষয়ে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। এ বিষয়ে জানতে চাইলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশ রূপান্তরকে বলেন, ‘পরবর্তীতে চিঠি দিয়ে এ বিষয়ে নির্দেশনা তাদের দেওয়া হবে।’ নতুন কমিটি আগামী দিনের আন্দোলন-সংগ্রামে সফল হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন বিএনপি মহাসচিব।
নবগঠিত কমিটি আগামী দিনের আন্দোলন-সংগ্রাম সফল করতে ভূমিকা রাখবে বলে আশা করছেন নতুন কমিটির নেতারাও। এ প্রসঙ্গে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম গতকাল দেশ রূপান্তরকে দেওয়া প্রতিক্রিয়ায় বলেন, সরকারবিরোধী আন্দোলন-সংগ্রামে বিগত দিনে কী হয়েছে তা নিয়ে তারা ভাবছেন না। তারা ভাবছেন ঢাকার দুই অংশের নতুন নেতা কীভাবে নির্বাচন করবেন তা নিয়ে। নতুন নেতৃত্ব দেশের ও দলের ক্রান্তিলগ্নে আগামী দিনের সরকারবিরোধী আন্দোলন-সংগ্রামে সফলতা এনে দিতে পারে।
মহানগর বিএনপির নেতারা জানান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং ভাইস চেয়ারম্যান প্রয়াত সাদেক হোসেন খোকা ব্যর্থ হওয়ার পর ২০১৭ সালের ১৮ এপ্রিল রাজধানী ঢাকাকে দুই ভাগে বিভক্ত করে নতুন কমিটি ঘোষণা করা হয়। দলের যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল সভাপতি এবং সাবেক ওয়ার্ড কাউন্সিলর কাজী আবুল বাশারকে সাধারণ সম্পাদক করে ৭০ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এ ছাড়া সাবেক কাউন্সিলর এম এ কাইয়ুমকে সভাপতি এবং প্রয়াত আহসান উল্লাহ হাসানকে সাধারণ সম্পাদক করে ৬০ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
তারা আরও জানান, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আংশিক কমিটি ঘোষণার সময়েই সেটিকে পূর্ণাঙ্গ করতে কেন্দ্র থেকে এক মাসের সময়সীমা বেঁধে দেওয়া হয়। কিন্তু তা মেয়াদ শেষ হওয়ার পরও সম্ভব হয়নি। এর মধ্যে আহসান উল্লাহ হাসান মারা যাওয়ার পর নিয়মবহির্ভূতভাবে সংগঠনের সহসভাপতি এ এফ এম আব্দুল আলীম নকীকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করা হয়। এ নিয়েও দলের মধ্যে বিতর্ক দেখা দেয়। তাছাড়া উত্তরের সভাপতি এম এ কাইয়ুম মামলা জটিলতার কারণে কমিটি ঘোষণার আগে থেকে এখন পর্যন্ত দেশের বাইরে অবস্থান করছেন।
মহানগর নেতারা বলেন, নতুন কমিটিতে বিএনপির পররাষ্ট্রবিষয়ক উইংয়ের সদস্য তাবিথ আউয়ালকে ঢাকা মহানগর উত্তরের এক নম্বর সদস্য এবং প্রকৌশলী ইশরাক হোসেনকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির এক নম্বর সদস্য করা হয়েছে। তারা যেহেতু দুই সিটিতে মেয়র পদে নির্বাচন করেছেন এবং আগামীতে করবেন এজন্য তাদেরকে গুরুত্বপূর্ণ পদে রাখা হবে না। এ ছাড়া বিগত দিনে ছাত্রদল ও যুবদল থেকে বাদ পড়া নেতাদের নতুন কমিটিতে রাখা হয়েছে।