সিনোফার্মের টিকা উৎপাদনে ৩ পক্ষের চুক্তি হবে : মোমেন

কভিড-১৯ টিকা উৎপাদনে চীনের সিনোফার্মের সঙ্গে বাংলাদেশ সরকার ও ইনসেপটার যৌথ চুক্তি দ্রুত হবে বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। গতকাল সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তারা (চীন) যৌথ উৎপাদনের প্রস্তাব করেছে। এ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক তারা দিয়েছে এবং আমরা পেয়েছি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে তা পাঠিয়েছি। তাদের এটি সই করার কথা।’

তিনি বলেন, ‘এটি দেরি করা ঠিক হবে না। কারণ সই করার পরও মাস দুয়েক লাগবে। এ চুক্তিটি আহামরি কিছু না যে অনেক আইনজীবী লাগবে।’ যত দ্রুত সম্ভব স্বাস্থ্য মন্ত্রণালয়ের এটি শেষ করা উচিত বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

ড. মোমেন বলেন, ‘তিনটি প্রতিষ্ঠান সই করবে এবং তারা হচ্ছে ওষুধ কোম্পানি, বাংলাদেশ সরকার এবং সিনোফার্ম। ওষুধ কোম্পানিটি হচ্ছে ইনসেপটা। তারা বড় আকারে আমদানি করে এখানে বটলিংসহ অন্যান্য কাজ করবে। এটি অনেক কম দাম পড়বে। আমার আশা এটি যেকোনো মুহূর্তে হবে।’

মন্ত্রী বলেন, ‘সিনোফার্মের ৭০ লাখ টিকা আসছে এবং আরও আসবে। আজ (গতকাল) তাদের রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা হয়েছে। তাদের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যখন আলোচনা হয় তখন তিনি বলেছিলেন, টিকা সরবরাহ সহজ হবে। এজন্য তারা কয়েকটা প্রস্তাব দিয়েছে। তার মধ্যে একটি হচ্ছে যতটুকু দরকার সেটি যেন আগে জানানো হয়। কারণ তাদের ওষুধের চাহিদা অনেক বেশি। আগে না বললে জোগান নিশ্চিত করা সম্ভব হবে না বলে তারা জানিয়েছেন।’