২৪ ঘণ্টায় ডেঙ্গুর নতুন রেকর্ড, ২৮৭ রোগী হাসপাতালে

দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলছে। প্রতিদিন ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন নতুন রেকর্ড হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮৭ জন; যা চলতি বছর এক দিনে হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তিতে নতুন রেকর্ড। গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টার তথ্যের ভিত্তিতে এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম।

এদিন নতুন আক্রান্ত হওয়া নতুন রোগীদের মধ্যে রাজধানীর বিভিন্ন সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি হয়েছেন ২৭৯ জন। ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ৮ জন। এ নিয়ে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৯৭৮। তাদের মধ্যে ঢাকার ৪১টি সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৯৪০ রোগী এবং অন্যান্য বিভাগীয় হাসপাতালগুলোয় ৩৮ জন। এ সময়ে চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন ২ হাজার ২০০ জন ডেঙ্গু রোগী।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের জানুয়ারি থেকে ২ আগস্ট পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ভর্তি হয়েছেন ৩ হাজার ১৮২ জন। সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্ত হয়েছে জুলাই মাসে। এ মাসে মোট আক্রান্তের সংখ্যা ২ হাজার ২৮৬। এদিকে আগস্টের প্রথম দুদিনে রেকর্ডসংখ্যক মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। আগস্টের দুদিনে ৫২৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ভর্তি হয়েছেন মিটফোর্ড হাসপাতালে ৫৯ জন। এ ছাড়া ঢাকা শিশু হাসপাতালে ১২, সম্মিলিত সামরিক হাসপাতালে ২২, হলি ফ্যামিলি হাসপাতালে ২১, সেন্ট্রাল হাসপাতালে ১৫, ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে ১৬, আদ-দীন মেডিকেল কলেজ হাসপাতালে ১৭, বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ১৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে চারজনের মৃত্যুর তথ্য পাঠানো হয়েছে। তবে আইইডিসিআর এখনো কোনো মৃত্যুর পর্যালোচনা সমাপ্ত করেনি এবং কোনো মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেনি।