দেশের বিভিন্ন জায়গায় বিএনপি গঠিত করোনা হেল্প সেন্টারে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
তিনি বলেন, এটি একটি অমানবিক অপরাধ। যেখানে সরকারের সুযোগ করে দেওয়া উচিত সেখানে উল্টো বাধা দিচ্ছে।”
মঙ্গলবার শেরপুর জেলা বিএনপির পক্ষ থেকে করোনা হেল্প সেন্টার উদ্বোধনকালে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, “যেখানে এই মহামারিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার কথা সেখানে করোনার হেল্প সেন্টারে বাধা দেওয়া অমানবিক অপরাধ। এটা বিস্ময়কর। আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে লজ্জাবোধ করছি।” কার হুকুমে বাধা দেওয়া হচ্ছে সে বিষয়ে খোঁজখবর নিতে বিভাগীয় নেতা-কর্মীদের অনুরোধ জানান দলটির স্থায়ী কমিটির এই সদস্য।
শ্রমিক দলের সাবেক এই সভাপতি বলেন, “করোনা নিয়ন্ত্রণে সরকার গঠিত পরামর্শক কমিটি যে সিদ্ধান্ত দিচ্ছে সরকার নিজেই তার উল্টোটা করছে। গার্মেন্টস খুলে দেওয়ার সরকারি সিদ্ধান্ত সঠিক হয়নি।”
গার্মেন্টস খুলে দেওয়ার বিষয়ে নজরুল ইসলাম খান বলেন, “শ্রম মন্ত্রণালয় বলছে মালিকরা তাদের কথা শুনছেন না। জনগণের জন্য কল্যাণকর এবং যুক্তিসংগত সিদ্ধান্ত না নিলে কেউ মানবে না এটাই স্বাভাবিক। এ অবস্থায় সরকার আছে বলে দেশের জনগণ মনে করে না।”
তিনি বলেন, “টিকা দেওয়ার ক্ষেত্রে আফ্রিকার দরিদ্রতম দেশগুলো থেকেও পিছিয়ে বাংলাদেশ। যুদ্ধ বিধ্বস্ত ইরাক, আফগানিস্থান থেকেও পিছিয়ে বাংলাদেশ। এই অবস্থায় সরকারের উচিত সবাইকে টিকাদানে উৎসাহিত করা।”
এ সময় দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং সুচিকিৎসার ব্যবস্থা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান বিএনপির এই নেতা।
শেরপুর জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম, ওয়ারেস আলী মামুন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক হজরত আলী প্রমুখ।