টাঙ্গাইলের দেলদুয়ার

টিকা ছাড়াই সুচ ঢোকানোর সত্যতা পেয়েছে কমিটি

টাঙ্গাইলের দেলদুয়ারে করোনার টিকাগ্রহণকারীদের শরীরে সুচ ঢোকালেও টিকা প্রবেশ না করিয়ে সিরিঞ্জ ফেলে দেওয়ার অভিযোগে এক স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে তদন্ত কমিটি। ওই স্বাস্থ্যকর্মীর নাম সাজেদা আফরিন। তিনি দেলদুয়ার উপজেলায় সহকারী স্বাস্থ্য পরিদর্শক পদে কর্মরত।

জানা যায়, গত রবিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২নং বুথে টিকা দিচ্ছিলেন সহকারী স্বাস্থ্য পরিদর্শক সাজেদা আফরিন। তিনি টিকাগ্রহণকারীদের শরীরে ভ্যাকসিন প্রবেশ না করিয়ে শুধু সুচ পুশ করে সিরিঞ্জ ফেলে দিচ্ছেলেন। এ সময় বিষয়টি টিকাগ্রহণকারী এক যুবকের নজরে আসে। ঘটনাটি আবাসিক চিকিৎসক ডা. শামীমকে জানানো হলে তিনি পরিত্যক্ত সিরিঞ্জগুলো বাছাই করে ২০টি সিরিঞ্জের ভেতর সম্পূর্ণ ভ্যাকসিনের উপস্থিতি দেখতে পান। তিনি নিশ্চিত হন সুচ পুশ করা হলেও শরীরে ভ্যাকসিন প্রবেশ করানো হয়নি।

এ ঘটনা জানাজানি হলে ওইদিনই ডিপুটি সিভিল সার্জন শামীম হোসাইন চৌধুরীকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। গত সোমবার তারা প্রতিবেদন জমা দিয়েছেন। তদন্তে তারা ঘটনার সত্যতা পেয়েছেন বলে উল্লেখ করেন। স্বাস্থ্য পরিদর্শক সাজেদা আফরিন নিজেও দোষ স্বীকার করে লিখিত দিয়েছেন বলে জানা গেছে। তিনি বলেছেন, অনেক লোকের চাপ ছিল। অনিচ্ছাকৃতভাবে ঘটনাটি ঘটেছে।

এ ব্যাপারে টাঙ্গাইলের সিভিল সার্জন আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান বলেন, ‘তদন্ত প্রতিবেদন আমরা হাতে পেয়েছি। অভিযুক্ত স্বাস্থ্য পরিদর্শক সাজেদা আফরিনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’