ডেঙ্গুতে ঢাকার বাইরেও বাড়ছে রোগীর সংখ্যা

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। দেশে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে রোগী ভর্তি হয়েছে ২৬৪ জন; যার মধ্যে ঢাকার ভেতর ২৪৮ জন এবং বাইরে ১৬ জন। গতকাল স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য নিশ্চিত করেছে। গতকাল সকাল ৮টা পর্যন্ত সারা দেশের প্রাপ্ত তথ্য অনুযায়ী এ তথ্য জানায় অধিদপ্তর।

চলতি মাসের প্রথম তিন দিনে হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা ৭৮৮ জন। যেখানে গত মাসে মোট রোগীর সংখ্যা ছিল ২ হাজার ২৮৬ জন। এর আগে জুন মাসে ২৭২ জন ও মে মাসে ৪৩ জনের ডেঙ্গু শনাক্ত হয়।

বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছে ১ হাজার ৭২ জন। এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২৫ জন এবং অন্যান্য বিভাগীয় হাসপাতালে ৪৭ জন।

ঢাকার বাইরে বিভাগীয় শহরের মধ্যে ময়মনসিংহে ১ জন, চট্টগ্রামে ৩ জন, খুলনা ও বরিশালে ৪ জন করে ডেঙ্গু ও উপসর্গ নিয়ে ভর্তি রয়েছে। 

চলতি বছরের শুরু থেকে গতকাল পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ৩ হাজার ৪৪৬ জন। এর মধ্যে চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছে ২ হাজার ৩৭০ জন।