করোনা মহামারীর সময়ে বিশেষ সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমে (সিএসআর) আশানুরূপ সাড়া দিচ্ছে না তফসিলি ব্যাংকগুলো। এ খাতে ব্যয় বাড়াতে আবারও ব্যাংকগুলোকে তাগাদা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। তাছাড়া এখন থেকে এ খাতে ব্যয়ের অগ্রগতি প্রতিবেদন ১৫ দিন পরপর জমা দিতে বলা হয়েছে।
একইসঙ্গে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে তৃণমূল পর্যায়ে হতদরিদ্র, সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ও স্বাস্থ্যসেবা পৌঁছানো নিশ্চিত করে বিশেষ সিএসআর কার্যক্রম বাড়ানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে এক সার্কুলার লেটারে এ নির্দেশনা দেওয়া হয়।
সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো ওই সার্কুলারে বলা হয়, চলতি বছরের ১৪ জুলাই পর্যন্ত জেলা প্রশাসক, নিজস্ব ব্যবস্থাপনা ও সেনা কল্যাণ সংস্থার মাধ্যমে পরিচালিত ব্যাংকগুলোর বিশেষ সিএসআর কার্যক্রমের অগ্রগতি আশানুরূপ নয়। ফলে এ বিশেষ কার্যক্রমের আওতায় আপনাদের তৃণমূল পর্যায়ে হতদরিদ্র, সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ও স্বাস্থ্যসেবা পৌঁছানো নিশ্চিতকল্পে সক্রিয় ভূমিকা রেখে এ বিশেষ কার্যক্রমকে বেগবান করার পরামর্শ দেওয়া যাচ্ছে।
এ লক্ষ্যে বিশেষ সিএসআর খাতে নির্দিষ্ট অর্থ বিতরণের সময়সীমা চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হলো।
সার্কুলারে আরও বলা হয়, সিএসআর কার্যক্রম নির্ধারিত সময়সীমার মধ্যে বাস্তবায়ন তদারকি নিশ্চিত করতে নির্ধারিত ছকে পাক্ষিকভিত্তিতে (১৫ দিন পরপর) অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে হবে।
এ লক্ষ্যে প্রথম প্রতিবেদন আগামী ১০ আগস্টের মধ্যে দিতে হবে। অন্যান্য পাক্ষিক প্রতিবেদন (প্রতি মাসের ১৫ ও ৩০ তারিখ) প্রতি পক্ষকাল শেষ হওয়ার পরবর্তী তিন কর্মদিবসের মধ্যে সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টে মহাব্যবস্থাপকের কাছে দাখিল করতে হবে।