আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হেলেনা জাহাঙ্গীরের দুই সহযোগীকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
গতকাল বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী জয়যাত্রা টিভির জেনারেল ম্যানেজার হাজেরা খাতুন এবং কো-অর্ডিনেটর সানাউল্লাহ নূরীর রিমান্ডের এই আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক আল-হেলাল আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। অপরদিকে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নাকচ করে দিয়ে তিন দিনের রিমান্ড মঞ্জুর করে।
গত মঙ্গলবার জয়যাত্রা নামে আইপি টিভিতে সাংবাদিক নিয়োগ বাণিজ্যের অভিযোগে ভোরে রাজধানীর গাবতলী এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
জয়যাত্রা টিভির ভোলা প্রতিনিধি আব্দুর রহমান তুহিন আসামিদের বিরুদ্ধে আইপি টিভি জয়যাত্রার প্রতিনিধি নিয়োগের নামে চাঁদাবাজি ও অর্থ আত্মসাতের অভিযোগে পল্লবী থানায় এ মামলা করেন।