গাইবান্ধায় দুর্বৃত্তদের হামলায় সাবেক ছাত্রলীগ নেতা নিহত

আম কেনার সময় কথা কাটাকাটির জের ধরে দুর্বৃত্তদের হামলায় বুধবার রাতে গাইবান্ধা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. মঞ্জুরুল হাসান লিখন (৩৮) নিহত হয়েছেন।

মঞ্জুরুল হাসান লিখন গাইবান্ধা পৌরসভার পশ্চিমপাড়া এলাকার মো. মাহাবুবুর রহমানের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার দুপুরের দিকে মঞ্জুরুল হাসান লিখন জেলা শহরের হকার্স মার্কেটের পাশে শরিফ মিয়ার দোকানে আম কিনতে যান। সেখানে আম কেনার সময় দাম নিয়ে শরিফের সঙ্গে মঞ্জুরুলের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে।

তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন বিষয়টির সমঝোতাও করে দেন। এরপর রাত আটটার দিকে মঞ্জুরুল ব্যক্তিগত প্রয়োজনে শহরের সার্কুলার রোডে জেলা বিএনপি কার্যালয়ের সামনে যান।

এ সময় শরিফ চার থেকে পাঁচজন সহযোগী মিলে দেশীয় অস্ত্র নিয়ে মঞ্জুরুল হাসান লিখনের ওপর হামলা চালান। এতে মঞ্জুরুল হাসান লিখন গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ১১টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ বিষয়ে গাইবান্ধা সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. আবদুর রউফ বলেন, এ ঘটনায় থানায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য বুধবার রাতেই অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে তাদের নাম-পরিচয় বলা যাচ্ছে না।