মুরাদনগরে আগুনে পুড়ল ৪ মুদির দোকান

কুমিল্লার মুরাদনগরে পাইকারি মুদি মালের ৪টি দোকানে অগ্নিকাণ্ড ঘটেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার বাঙ্গরা থানা সদর বাজারে এ ঘটনা ঘটে।

আগুনে ওই বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর সওদাগরের দুটি দোকানের প্রায় ৩ কোটি টাকা, ওয়াদুদ সওদাগরের একটি দোকানে ৭০ লাখ টাকা, আর জামাল সওদাগরের একটি দোকানে ৪০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি করা হয়েছে।

খবর পেয়ে মুরাদনগর থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেছে।

পুলিশ ও স্থানীয় ব্যবসায়ীরা জানান, লকডাউনের কারণে বাজারের সকল দোকান পাট বন্ধ ছিল। বৃহস্পতিবার সকালে বাজারের পাইকারি মুদি মালের বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর সওদাগরের একটি দোকান থেকে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে।

এতে ওই ব্যবসায়ীর দুটি দোকানসহ আশপাশের আরও দুটি পাইকারি দোকানে আগুন ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় বাজারের ব্যবসায়ীসহ আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে খবর পেয়ে মুরাদনগর থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ব্যবসায়ী জাহাঙ্গীর সওদাগর জানান, তার দুটি ব্যবসাপ্রতিষ্ঠানে নগদ টাকাসহ প্রায় তিন কোটি টাকা মালামাল ছিল। এছাড়া আরও দুটি প্রতিষ্ঠানের প্রায় এক কোটি ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।   

ফায়ার সার্ভিসের ইউনিট কমান্ডার এসএম শামীম জানান, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন ছড়িয়েছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, আগুন নিয়ন্ত্রণে আমাদের দুটি ইউনিট কাজ করেছে, অগ্নিকাণ্ডে চারটি ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, আমরা তদন্ত করে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণসহ প্রতিবেদন পেশ করবো।