প্রেশার কুকার কেনার আগে

প্রেশার কুকার সহজ করে দিয়েছে অনেক রান্নার কাজ। তবে নিয়ম না মেনে রান্না করলে এ থেকেও ক্ষতি হতে পারে। প্রেশার কুকার কেনার আগে কিছু বিষয়ে খেয়াল রাখা জরুরি-

মাপ প্রেশার কুকারে এক-তৃতীয়াংশ ভর্তি করে রান্না করতে হয়। তাই কেনার আগে বাড়িতে কতজনের জন্য রান্না করতে হয় তা বুঝে প্রেশার কুকারের আকৃতি নির্বাচন করতে হবে।

প্রেশার নিয়ন্ত্রক

আধুনিক অনেক প্রেশার কুকারে খাবারের ধরন অনুযায়ী বাষ্পের চাপ কম-বেশি করে নেওয়া যায়। কেনার আগে অবশ্যই এই বিষয়গুলো দেখে নিন।

পুরুত্ব ও ভার

অনেক সময় ভারী হাতল ব্যবহার করে প্রেশার কুকারকে মোটা বোঝানোর চেষ্টা করা হয়। তাই শুধু হাতল দেখে নয়, সঠিক পুরুত্বের জন্য মোটা অ্যালুমিনিয়াম বা পুরু স্টিলের তৈরি প্রেশার কুকার দেখে কিনুন। প্রেশার কুকার দুর্ঘটনা এড়ানোর জন্য ৩.২৫ মি.মি. পুরুত্বের প্রেশার কুকার দেখে কিনুন।

প্রেশার নির্দেশক

প্রেশার কুকার কেনার আগে দেখতে হবে তাতে প্রেশার ইন্ডিকেটর রয়েছে কি না। যদি না থাকে তবে অন্তত প্রেশার মার্কার বা পপ-আপ ইন্ডিকেটর থাকবে। বর্তমানে প্রেশার কুকারে এমন অনেক ধরনের সুবিধা রয়েছে যেগুলো প্রেশার মাপতে সাহায্য করে। সেইসঙ্গে প্রেশার দ্রুত কমানোর জন্য কোনো বাটন আছে কি না তা দেখে নিন।

ফ্লোট বা স্প্রিং ভালভ

কুকারের ভেতরে চাপ বেড়ে গেলে বাড়তি চাপ বের করার জন্য যে ছিপি ওপরে উঠে শিস দেয়, তাকে বলা হয় স্প্রিং ভালভ। এই শিস অনেকের কাছে বিরক্তির কারণ হতে পারে। নতুন ধরনের প্রেশার কুকারগুলোতে প্রেশার নিয়ন্ত্রণের কৌশল থাকে। এতে আওয়াজ কম হয় এবং শক্তিও কম খরচ হয়।