যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধ্যতামূলক হচ্ছে টিকা

করোনার পূর্ণ ডোজ টিকা নেওয়া বিদেশিদের যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়ার পরিকল্পনা করছে দেশটির সরকার। গত বুধবার হোয়াইট হাউজের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন বলে খবর দিয়েছে এএফপি।

করোনা মহামারীর কারণে বর্তমানে বিশ্বের অধিকাংশ দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশের দরজা বন্ধ রয়েছে। হোয়াইট হাউজের ওই কর্মকর্তা বলেন, করোনা মহামারীর বর্তমান পর্যায়ে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন আন্তর্জাতিক ভ্রমণের গুরুত্বের দিকটি স্বীকৃতি দিতে যাচ্ছে। নিরাপদ ও টেকসই উপায়ে বিদেশিদের যুক্তরাষ্ট্রে প্রবেশের বিষয়টি আবার চালু করতে চায় তার প্রশাসন।

সে ক্ষেত্রে বিদেশিদের যুক্তরাষ্ট্র ভ্রমণ করতে হলে করোনার টিকার পূর্ণ ডোজ নেওয়া থাকতে হবে বলে জানান তিনি। তবে এ পরিকল্পনা ঠিক কবে থেকে কার্যকর করা হবে, সে সম্পর্কে কিছুই জানাননি ওই কর্মকর্তা।

করোনা মোকাবিলায় সবশেষ গত ২৬ জুলাই যুক্তরাষ্ট্রে বিদেশিদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা বহালের সিদ্ধান্ত দেয়। এক বছরের বেশি সময় ধরে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ, যুক্তরাজ্য, চীন, ইরান, ভারত ও ব্রাজিল থেকে ভ্রমণকারীদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে।

ইউরোপের দেশগুলোতেও যুক্তরাষ্ট্রের ভ্রমণকারীদের প্রবেশ নিষিদ্ধ ছিল। তবে পর্যটন খাতে ধসের আশঙ্কা থেকে চলতি বছরের জুনে করোনার নেগেটিভ সনদ ও টিকা নেওয়ার প্রমাণপত্র দেখানোর শর্তে এ নিষেধাজ্ঞা তুলে নেয় ইউরোপীয় ইউনিয়ন।