অভিনয়-মডেলিংয়ের আড়ালে অনৈতিক কাজ করলে তার দায় এড়ানো যাবে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীতে তার সরকারি বাসভবনে বঙ্গবন্ধুর শহীদ জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে বক্তব্য শেষে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
সম্প্রতি একাধিক অভিনয়শিল্পী-মডেল গ্রেপ্তার হওয়া নিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘অভিনয়-মডেলিং এগুলো আমাদের শিল্প-সংস্কৃতিরই অংশ। যারা এগুলো চর্চা করেন তারা এই অঙ্গনকে সমৃদ্ধ করেন ও অনেকে জীবিকাও নির্বাহ করেন। কিন্তু এর আড়ালে কেউ যদি অবৈধ-অনৈতিক কর্মকা-ের সাথে যুক্ত থাকে, তিনি যেই হন, সেই দায় তো তাকে নিতেই হবে। তাছাড়া এ ধরনের অভিযোগে গ্রেপ্তারের পরিপ্রেক্ষিতে শিল্পাঙ্গনে কোনো বিরূপ প্রভাব পড়বে না। অনৈতিক বা অবৈধ কর্মকা-ের সাথে যুক্ত যে কারও বিষয়ে সব সময়ই আইন প্রয়োগকারী সংস্থা ব্যবস্থা নিতে পারে। এতে পুরো অঙ্গনের ওপর কোনো প্রভাব পড়বে বলে আমি মনে করি না।’
শহীদ শেখ কামালের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি আরও বলেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুর সাথে শহীদ হওয়া পরিবারের সদস্য শেখ কামাল ছিলেন একাধারে ক্রীড়াবিদ ও অন্যদিকে সংস্কৃতিকর্মী। তিনি ফুটবল খেলতেন, ক্রিকেট খেলতেন। আবাহনী ক্রীড়াচক্র সংগঠিত করে বাংলাদেশে আধুনিক ফুটবলের প্রবর্তন করেছিলেন তিনি। একই সাথে তিনি অভিনয় করতেন, সেতার বাজাতেন, গান গাইতেন। এমন বহুগুণে গুণান্বিত ছিলেন শহীদ শেখ কামাল। শেখ কামালকে হত্যা করার মধ্য দিয়ে ক্রীড়াঙ্গন-সাংস্কৃতিক অঙ্গনসহ দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে। অহমিকাহীন এ মানুষটিকে দেখে কেউ বলতে পারত না তিনি জাতির পিতার পুত্র কিংবা দেশের প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতির পুত্র। নির্লোভ, নিরহংকার এমন মানুষকে হত্যাকারী খুনিচক্রের প্রতি আমি ধিক্কার জানাই।’