হংকংয়ের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রে ‘সেইফ হ্যাভেন’

চীনের নিপীড়নের অভিযোগের জেরে যুক্তরাষ্ট্রে বসবাসরত হংকংয়ের নাগরিকদের জন্য অস্থায়ী নিরাপদ আশ্রয় বা সেইফ হ্যাভেন দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ ঘোষণা আসার ফলে দেশটিতে হংকংয়ের নাগরিকদের বসবাসের মেয়াদ বাড়ার সুযোগ তৈরি হয়েছে বলে জানিয়েছে এএফপি।

প্রেসিডেন্ট বাইডেন স্বাক্ষরিত এক মেমোতে বলা হয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে হংকংয়ের নাগরিকদের যুক্তরাষ্ট্রে অবস্থানের মেয়াদ শেষ হয়ে গেলেও তাদের ১৮ মাস পর্যন্ত নির্বিঘ্নে অবস্থানের সুযোগ দেওয়ার নির্দেশনা দিয়েছেন। এই মেমোতে বাধ্যতামূলক পররাষ্ট্রনীতির কথাও উল্লেখ আছে।

জো বাইডেন বলেন, গত বছরজুড়ে চীন হংকংয়ের স্বায়ত্তশাসনের ওপর আঘাত হেনেছে, সেখানকার গণতান্ত্রিক প্রক্রিয়া ও প্রতিষ্ঠানকে খাটো করেছে। গণমাধ্যমের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ চালিয়েছে চীন। হংকংয়ের ওপর সমর্থন অব্যাহত রাখার কথাও বলেন বাইডেন।

তবে হংকংয়ের কতজন নাগরিক এই সুবিধার আওতায় আসবেন তা স্পষ্ট করে বলা হয়নি। যুক্তরাষ্ট্র প্রশাসনের এক কর্মকর্তা জানান, বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত হংকংয়ের নাগরিকদের বেশিরভাগই এই সেইফ হ্যাভেন পাওয়ার যোগ্য হবেন। তবে কিছু আইনি শর্ত অনুসরণ করতে হবে।

ব্রিটিশদের অধীনে থাকা হংকংয়ের ১৯৯৭ সালের পর নিয়ন্ত্রণ নেয় পেইচিং। এরপর থেকে চীন ও হংকং ‘এক দেশ দুই নীতি’তে পরিচালিত হয়ে আসছিল।