সীতাকুন্ডে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ হত্যার আসামি নিহত

চট্টগ্রামের সীতাকুন্ডে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ গরুবাহী গাড়ির চালক আবদুর রহমান হত্যা মামলার আসামি মো. কাজল (৪৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, বন্দুকযুদ্ধে নিহত কাজল-ই গত ১৬ জুলাই ভোররাত চারটার দিকে ফৌজদারহাট-বায়েজিদ বোস্তামী সংযোগ সড়কের ঘটনায় ট্রাকের চালকের মুখে গুলি চালান।

সীতাকুন্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক জানান, শুক্রবার রাত দেড়টার দিকে র‌্যাব- ৭ এর এক অফিসার ফোন করে বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হওয়ার খবর দেন। এরপর পুলিশ ঘটনাস্থল থেকে কাজলের লাশ উদ্ধার করে।

লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সুমন বণিক জানান, র‌্যাব সদস্যরা খবর পেয়েছিলেন, ওই এলাকায় কয়েকজন ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এ সময় ডাকাতদের ধরতে অভিযান চালায় র‌্যাবের একটি দল। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাতেরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে পালিয়ে যায়। র‌্যাব পাল্টা গুলি ছুড়ে। পরে ঘটনাস্থল থেকে কাজলের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।

ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, ২টি গুলি, ২টি এলজি, ১৫টি কার্তুজ, ১টি কার্তুজের খোসা, ২টি রামদা ও ১টি ছোরা উদ্ধার করা হয়েছে। র‌্যাবের পক্ষ থেকে থানায় মামলা করলে বিস্তারিত জানা যাবে।

প্রসঙ্গত, গত ১৬ জুলাই ভেরে গরু লুট করতে না পেরে গরুবাহী ট্রাকের চালককে গুলি করে হত্যা করে একদল ডাকাত। ঘটনার পর নিহত ব্যক্তির এক আত্মীয় থানায় হত্যা মামলা করেন। এ ঘটনায় র‌্যাবের হাতে দুজনসহ মোট আটজন গ্রেপ্তার হন। তাদের মধ্যে চারজন খুনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।

পুলিশ জানায়, বন্দুকযুদ্ধে নিহত কাজল-ই ঐদিন ট্রাকচালক আবদুর রহমানকে গুলি করেন বলে আদালতে দেওয়া চার আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে উঠে আসে। আটক অন্য চার আসামি বর্তমানে রিমান্ডে আছেন।