নারায়ণগঞ্জে করোনায় একদিনে রেকর্ড ৬ জনের মৃত্যু

করোনায় একদিনে রেকর্ড ৬ জনের মৃত্যু হয়েছে নারায়ণগঞ্জে। এর মধ্যে সোনারগাঁয়ে ৩ জন, বন্দরে ২ জন এবং সিটি করপোরেশন এলাকার একজন। এ নিয়ে করোনায় জেলায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭৮ জনে।

গত ২৪ ঘণ্টায় জেলায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৯৬১ জনের। এতে আক্রান্ত হয়েছেন ১৭৭ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২১ হাজার ৩০৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৭ হাজার ৮০০ জন।  সর্বমোট নমুনা সংগ্রহ করা হয়েছে ১ লাখ ৪২ হাজার ৬৬৬ জনের।

রবিবার সকালে জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ইমতিয়াজ আহমেদ জানান, এ পর্যন্ত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় মারা গেছেন ১৩২ জন ও আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৬৬৬ জন, সদরে মারা গেছেন ৫০ জন ও আক্রান্ত হয়েছে ৪ হাজার ৪০৮ জন, বন্দরে মারা গেছেন ২১ জন ও আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৩৯  জন, রূপগঞ্জে মারা গেছেন ১৫ জন ও আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬৩৪ জন, সোনারগাঁয়ে মারা গেছেন ৫৬ জন ও আক্রান্ত হয়েছেন ২ হাজার ১৯৯ জন এবং আড়াইহাজারে মারা গেছেন ৪ জন ও আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৫৭ জন।

এদিকে করোনা ডেডিকেটেড হিসেবে খ্যাত খানপুর ৩শ শয্যা হাসপাতালে করোনা রোগীদের জন্য বেড খালি নেই। গত কয়েকদিন ধরে নতুন করে করোনায় আক্রান্ত হয়ে যারা আসছে তাদের বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হচ্ছে।

সিভিল সার্জন আরও জানান, বন্দর হাসপাতাল পূর্ণ হলে শহরের পুরাতন কোর্ট তথা জুডিশিয়াল ভবনে ব্যবস্থা করা হবে।

উল্লেখ্য, নারায়ণগঞ্জে গত বছরের ৮ মার্চ দেশের প্রথম করোনা রোগী শনাক্ত হয়। ৩০ মার্চ প্রথম নারায়ণগঞ্জের বন্দরের রসুলবাগে করোনার উপসর্গ নিয়ে পুতুল নামে এক নারী মারা যায়।