বার্সেলোনা জানিয়েছিল, ইচ্ছে থাকা সত্ত্বেও লিওনেল মেসিকে ধরে রাখতে পারছে না তারা। মেসিও স্বীকার করে নিলেন, ইচ্ছের বিরুদ্ধেই শৈশবের ক্লাব ছেড়ে যাচ্ছেন তিনি।
রবিবার ন্যু ক্যাম্পে বিদায়ী সংবাদ সম্মেলনে আর্জেন্টাইন তারকার দুচোখ বেয়ে অশ্রু ঝরল। কান্নাভেজা কণ্ঠেই মেসি বললেন, এমন মুহূর্ত কখনোই আশা করেননি তিনি।
সাংবাদিকদের উদ্দেশ্যে মেসি বলেন, ‘এটা আমার পক্ষে খুবই কঠিন এক পরিস্থিতি, এর জন্য আমি প্রস্তুত ছিলাম না। গত বছর আমি দল ছাড়তে চেয়েছিলাম, কিন্তু এই বছর আমি, আমার পরিবার সকলেই চেয়েছিলাম যাতে এখানেই আমি খেলা চালিয়ে যাই। এটাই আমার বাড়ি।’
বার্সেলোনা দলের সকল সতীর্থদের সঙ্গে তার এই ঐতিহাসিক যাত্রায় তাকে সাহায্য করা সকলকে তিনি ধন্যবাদ জানিয়েছেন। করোনার কারণে সমর্থকদের সেভাবে বিদায় জানাতে পারছেন না বলেও আক্ষেপ ঝরেছে তার কণ্ঠে।
মেসি বলেন, ‘আজ আমি বিদায় জানাচ্ছি। ১৩ বছর বয়সে আমি এখানে এসেছিলাম এবং আজ ২১ বছর বাদে আমার স্ত্রী এবং তিন কাতালান-আর্জেন্টান সন্তানের সঙ্গে আমি দল ছাড়ছি। আমার কোনো সন্দেহ নেই যে কিছু বছর দূরে থাকার পর আবার আমি এখানেই ফিরব, কারণ আমি আমার সন্তানদের কথা দিয়েছি।’
আরো বলেন, ‘অনেক সুন্দর মুহূর্তের মধ্য দিয়ে গিয়েছি। বাজে মুহূর্তও ছিল। এগুলোই আমাকে বেড়ে উঠতে সাহায্য করেছিল। প্রথম যেদিন এখানে এসেছিলাম, সেই দিন থেকে শেষ পর্যন্ত আমি এই ক্লাব এবং এই জার্সির জন্য সবটুকু নিংড়ে দিয়েছি। কখনো ভাবিনি আমাকে এভাবে বিদায় বলতে হবে। মাঠ থেকে সবাইকে বিদায় বলতে পারলে ভালো লাগত।’
আরো পড়ুন