মাগুরায় সরকারি খালের জমি বিক্রির অভিযোগ

মাগুরায় নিজের জমি বলে সরকারি খালের কিছু অংশ বিক্রির অভিযোগ উঠেছে প্রশান্ত সাহা নামে এক ব্যক্তির বিরুদ্ধে। মাগুরা পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম দোহারপাড় এলাকায় নিজের চার শতক জমির সঙ্গে দাসের খাল নামে পরিচিত সরকারি খালের এক শতকও বিক্রি করে দিয়েছেন তিনি।

জমির ক্রেতা সঞ্জয় বিশ্বাস বলেন, ‘প্রশান্ত সাহার কাছ থেকে আমি ৫ শতক জমি কিনেছিলাম। কিন্তু জমি বুঝিয়ে দেওয়ার সময় তিনি উঁচু জায়গায় থাকা নিজের চার শতক জমির সঙ্গে এক শতক জমি খালের পানির মধ্যে বুঝিয়ে দিয়েছেন। স্থানীয় পৌর কাউন্সিলর আশুতোষ সাহার উপস্থিতিতে খালের মধ্যে খুঁটি গেড়ে জমি বুঝিয়ে দেওয়া হয়।’

সরেজমিনে দেখা গেছে, প্রশান্ত সাহা তার প্রায় চার একর জমির মধ্যে ৫০ শতক জমি ১০টি প্লট আকারে বিক্রি করেছেন। পাঁচটি প্লটের ক্ষেত্রে দেখা গেছে প্রতিটির প্রায় এক শতক করে খালের মধ্যে পড়েছে এবং খুঁটি গেড়ে রাখা হয়েছে। স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে এখানকার প্রায় এক হাজার বসতবাড়ির বৃষ্টির পানি এই খাল দিয়ে নিষ্কাশন হয়। অবৈধভাবে এ খালটি দখল হলে জলাবদ্ধতার আশঙ্কা করছেন তারা।

অভিযোগের বিষয়ে প্রশান্ত সাহা বলেন, ‘ওই খালের মধ্যে আমার প্রায় ৮ হাত জায়গা রয়েছে। আমি বেশিরভাগ জায়গাই ছাড় দিয়েছি।’

পৌর কাউন্সিলর আশুতোষ সাহা জানান, ‘সরেজমিনে আমরা যেভাবে জায়গা পেয়েছি, সেভাবেই ক্রেতাদের বুঝিয়ে দিয়েছি। তাতে কিছু অংশ খালের ভেতরে ঢুকে গেলে করার কিছুই নেই।’

মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম বলেন, ‘সরকারি খাল দখল করে স্থাপনা নির্মাণের কোনো সুযোগ নেই। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেব।’