বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব শুধু বঙ্গবন্ধুর সহধর্মিণীই ছিলেন না, তিনি ছিলেন বঙ্গবন্ধুর সারা জীবনের সহযোদ্ধা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
গতকাল রবিবার সকালে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ও পরে আওয়ামী লীগের পক্ষে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে বঙ্গমাতার কবরে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তিনি বলেন, ‘পর্দার অন্তরাল থেকে সংকটে, সংগ্রামে বঙ্গবন্ধুকে প্রেরণা, শক্তি ও সাহস দিয়েছেন বঙ্গমাতা। বিশ শতকের অন্যতম সেরা বাঙালি নারী শেখ ফজিলাতুন নেছা মুজিব। বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে বঙ্গমাতাই এ দেশের স্বাধীনতা আন্দোলনের নেপথ্যের অন্যতম কারিগর ছিলেন।’
দলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনের সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, ড. আবদুর রাজ্জাক, শাজাহান খান, জাহাঙ্গীর কবির নানক ও আবদুর রহমান, তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ ও আ ফ ম বাহাউদ্দিন নাছিম, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় কমিটির সদস্য ড. মোস্তফা জালাল মহিউদ্দিন প্রমুখ।
আওয়ামী লীগ নেতাদের শ্রদ্ধা নিবেদনের পর ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর ও দক্ষিণ, আওয়ামী যুবলীগ, কৃষক লীগ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, আওয়ামী মৎস্যজীবী লীগ, ছাত্রলীগ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা বঙ্গমাতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।