লালমনিরহাটের হাতীবান্ধায় জমি নিয়ে বিরোধের জের ধরে শামিম হোসেন (২৮) নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ছাত্রলীগ নেতা রশিদুল ইসলামকে (৩২) গ্রেপ্তার করেছে সিআইডি ও হাতীবান্ধা থানার পুলিশ।
গতকাল সোমবার সকালে উপজেলার দোলাপাড়া গ্রাম থেকে রশিদুলকে গ্রেপ্তার করা হয়।
রশিদুল ইসলাম উপজেলার বড়খাতা ডিগ্রি কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি।
হাতীবান্ধা থানা পুলিশ সূত্র জানায়, ২০২০ সালের ২৯ নভেম্বর উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের বুড়াবাউরা গ্রামের আব্দুর রহমান আমুর সঙ্গে একই উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া গ্রামের তোয়াব আলীর জমি নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আমিনুর রহমান আমুর ছেলে শামিম হোসেনকে ব্যাপক মারধর করা হয়। শামিম চিকিৎসাধীন অবস্থায় ৪ ডিসেম্বর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।