আইনের পথে ক্ষুব্ধ সিয়াম

চিত্রনায়িকা পরীমণিকে গ্রেপ্তারের পর থেকে বিনোদন অঙ্গনের একাধিক মানুষের বিরুদ্ধে উঠছে অভিযোগ। আবার কারও বিরুদ্ধে ছড়ানো হচ্ছে গুজবও! এমনই গুজবের অভিযোগ করলেন জনপ্রিয় নায়ক সিয়াম আহমেদ। সিয়াম আর পরীমণি একসঙ্গে দুটি ছবিতে কাজ করেছেন। এজন্য তার নামে মিথ্যাচার করা হচ্ছে। যা নিয়ে বিব্রতকর অবস্থার মধ্যে পড়েছেন এ চিত্রনায়ক। বিষয়টি এমন পর্যায়ে গেছে যে আর চুপ থাকতে পারলেন না সিয়াম। অতিষ্ঠ নায়ক আইনি ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন। গণমাধ্যমে তাকে নিয়ে আসা কিছু খবর নিয়ে বিব্রত ও বিরক্ত সিয়াম আহমেদ। এসব খবরকে ‘মিথ্যাচার বা বানোয়াট গল্প’ দাবি করে এ অভিনেতা সংশ্লিষ্ট ব্যক্তিদের এসব প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। সিয়াম বলেন, ‘সাম্প্রতিক সময়ে কিছু ব্যক্তি এবং কিছু তথাকথিত ভুঁইফোড় অনলাইন পোর্টাল আমার নাম উল্লেখ করে মূলত অনলাইন মাধ্যমে আমাকে নিয়ে কাল্পনিক গল্প থেকে শুরু করে নানাবিধ মিথ্যাচার ছড়িয়ে যাচ্ছে। এটা বলা বাহুল্যমাত্র যে এ সমস্ত গল্পগাথা, মিথ্যাচার ও নোংরামির মূলত কোনো ভিত্তিই নেই। একজন সামান্য মিডিয়াকর্মী হিসেবে আমি প্রতিটি সময় চেষ্টা করি আমার শুভানুধ্যায়ী থেকে শুরু করে সম্মানিত সব দর্শককে সুস্থ বিনোদন দেওয়ার জন্য এবং তাদের জন্য আমার চেষ্টার শেষ নেই। সুস্থ সংস্কৃতি চর্চার আমার এই বিরামহীন প্রচেষ্টা সব সময় চলমান। বর্তমানে বাংলাদেশের মিডিয়া জগতে একটা অস্থিতিশীল কিংবা অস্থির যা-ই বলি না কেন তেমন পরিবেশ বিরাজমান। সেগুলোর কারণ কিংবা বিধেয় নিয়ে তর্ক-বিতর্ক হতেই পারে। যেকোনো যৌক্তিক তর্ক-বিতর্ক নতুন ভাবনার বিকাশ ঘটায় এবং এগুলো সুস্থ সমাজের উপাদানও বটে। কিন্তু এইসব তর্ক-বিতর্ক আর মিথ্যাচার কিংবা কুৎসা রটাবার যে ‘ফাইন-লাইন’ রয়েছে সেটি ছাপিয়ে যখন আমাকে হীন উদ্দেশ্যে নানাবিধ মিথ্যাচারে বিদ্ধ করা হয় এবং একইসঙ্গে আমার পারিবারিক জীবনকে ক্ষতিগ্রস্ত করবার চেষ্টা করা হয়, তখন কেবল একজন অভিনেতা/মিডিয়াকর্মী হিসেবেই নয়, বরং একজন সাধারণ মানুষ হিসেবেও আমার দায় জন্মে আমাকে যারা ভালোবাসেন, শ্রদ্ধা করেন এবং যারা আমার শুভাকাক্সক্ষী তাদের প্রতি আমার এই বার্তা পৌঁছে দেওয়ার।’

অভিনেতা পরিচয়ের বাইরেও তিনি একজন আইনজীবী। তাই আইনগতভাবেই এগুতে চান। আইনগত ব্যবস্থা নেওয়া প্রসঙ্গে তিনি জানান, ‘এইসব বক্তব্য আর সেগুলো ছড়িয়ে দেওয়া মানহানিকর এবং একই সঙ্গে বাংলাদেশে বিদ্যমান সাইবার অপরাধের যে নানাবিধ ধারা-উপধারা রয়েছে তার অন্তর্ভুক্ত। আমি জানাতে চাই, যারা যারা এইসব মানহানিকর কর্মকা- তথা এই কুৎসা রটনায় এখন পর্যন্ত জড়িত আমি প্রত্যেকের বিরুদ্ধে বাংলাদেশের বিদ্যমান আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি (ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ দ্রষ্টব্য)। আমি মনে করি, একজন আইন মান্যকারী নাগরিক হিসেবে আদালতের ওপর বিচারের ভার ছেড়ে দেওয়াটাই সঠিক সিদ্ধান্ত।’

ফেইসবুকের এক পোস্টের মাধ্যমে ঢালিউডের এই তারকা এ ধরনের সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সবাইকে সুতীব্র অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন। পরিচালক, প্রযোজক, অভিনয়শিল্পীসহ সিয়ামের সহকর্মীরা তার এই সিদ্ধান্তকে সমর্থন ও সাধুবাদ জানিয়েছেন। এর মধ্যে আছেন শহীদুল আলম সাচ্চু, গোলাম সোহরাব দোদুল, অঞ্জন আইচ, রওনক হাসান, মামনুন ইমন, শাহনাজ খুশি, মুহাম্মদ মোস্তফা কামাল রাজ, খিজির হায়াত খান, আদনান আল রাজীব, রায়হান রাফী, আরিক আনাম খান, দীপঙ্কর দীপন, ওয়াহিদ ইবনে রেজা, রাশেদ মামুন অপু, অনন্য ইমন, মুমতাহিনা চৌধুরী টয়া প্রমুখ।

নাটক থেকে চলচ্চিত্রে এসেছেন সিয়াম আহমেদ। পেয়েছেন সফলতাও। ‘পোড়ামন ২’, ‘দহন’সহ কয়েকটি সিনেমায় তার উপস্থিতি দর্শকপ্রিয় হয়েছে। পরীমণি ও সিয়াম একসঙ্গে ‘বিশ্বসুন্দরী’ ছবিতে অভিনয় করেন। এর পরিচালক চয়নিকা চৌধুরী। গত বছরের ডিসেম্বরে ছবিটি মুক্তি পায়। তারা কাজ করেছেন ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ছবিতেও। যা এখন মুক্তির অপেক্ষায় আছে।