টিকা দেওয়ার কথা বলে ডেকে আগুন দেওয়া নারীর মৃত্যু

নরসিংদীর রায়পুরায় পেট্রল ঢেলে আগুন দেওয়ার ঘটনায় পারভীন আক্তার (৩০) নামে ওই নারীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকালে রাজধানীর শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে পুলিশ নিশ্চিত করেছে। এর আগে গত শনিবার রাতে উপজেলার লোচনপুর এলাকার একটি বাঁশঝাড়ের পাশ থেকে পারভীনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা। মৃতের স্বজনদের দাবি, শনিবার করোনাভাইরাসের টিকা দেওয়ার কথা বলে পারভীনকে বাড়ি থেকে ডেকে নিয়ে শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয় তার সাবেক শ্বশুরবাড়ির লোকজন।

স্থানীয়দের ভাষ্য, পারভীনকে উদ্ধারের পর প্রথমে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ওইদিন মধ্যরাতেই তাকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। আগুনে পারভীনের শরীরের প্রায় ৮০ শতাংশ পুড়ে যায় বলে হাসপাতাল সূত্রে জানা যায়। এ ঘটনায় গত রবিবার বিকেলে পারভীনের ভাই চারজনকে আসামি করে থানায় মামলা করেন। এর পরপরই পারভীনের সাবেক দেবর আলী হোসেন (৩২) ও তার ভাগ্নে মো. শাহরিয়ারকে (১৮) গ্রেপ্তার করে পুলিশ।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, রায়পুরার মরজাল বাসস্ট্যান্ডসংলগ্ন এলাকার প্রবাসী জাকির হোসেনের সঙ্গে বিয়ে হয়েছিল পারভীনের। আট মাস আগে তাদের বিচ্ছেদ হয়। জাকির ও পারভীন দম্পতির ১০ বছর বয়সী এক কন্যাসন্তান রয়েছে। মেয়েকে নিয়ে পারভীন তার বাবার বাড়িতেই থাকতেন। গত শনিবার দুপুরে টিকা দেওয়ার কথা বলে তাকে বাড়ি থেকে ডেকে নেয় সাবেক শ্বশুরবাড়ির লোকজন। সন্ধ্যার পর লোচনপুর এলাকার একটি নির্জন বাঁশঝাড়ের নিচে পারভীনের মুখ বেঁধে শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয় তার সাবেক দেবর আলী হোসেনসহ চারজন। পরে চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে এসে আগুন নেভানোর পর পারভীনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা।

পারভীনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে রায়পুরা থানার ওসি গোলাম মোস্তফা জানান, আগের মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তরিত হবে। ইতিমধ্যে দুই আসামিকে গ্রেপ্তারও করা হয়েছে।