ডেঙ্গুতে ৯ দিনে আক্রান্তের সংখ্যা ছাড়াল দুই হাজার

চলতি মাসের ৯ দিনেই প্রায় ছুঁয়ে ফেলেছে পুরো জুলাইয়ের ডেঙ্গু আক্রান্তের সংখ্যাকে। মাস শুরুর ৯দিনে আক্রান্তের সংখ্যা ২ হাজার ৯৫ জন। যেখানে পুরো মাস ধরে গত জুলাইয়ে আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ২৮৬ জন। 

গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য নিশ্চিত করেছে। এইদিন সকাল ৮টা পর্যন্ত দেশে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ২১০ জন। যার মধ্যে ঢাকার হাসপাতালে ভর্তি ১৮১ জন এবং বাহিরে ২৯ জন। 

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছে ৯৩১জন। এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছে ৮৬৩ জন এবং অন্যান্য বিভাগীয় হাসপাতালে ৬৮ জন।

গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত ঢাকা শহরের বাইরে বিভাগীয় শহরের মধ্যে চট্টগ্রামে ১৩ জন, ঢাকা বিভাগে ১১ জন (ঢাকা শহর ছাড়া) বরিশালে ২ জন এবং খুলনায় ৩ জন করে হাসপাতালে ভর্তি রয়েছে। 

চলতি বছরের শুরু থেকে গতকাল পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে মোট ভর্তি হওয়া রোগীর সংখ্যা ৪ হাজার ৭৫৩ জন। এর মধ্যে  চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছে ৩ হাজার ৮০৮ জন।

চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে ১৪ জনের মৃত্যুর তথ্য পর্যালোচনার জন্য রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হলেও তা ডেঙ্গুতেই মৃত্যু কিনা সেটি এখনো নিশ্চিত করেনি প্রতিষ্ঠানটি।