‘জাতীয় অর্থনীতির স্বার্থে’ চলতি সপ্তাহে প্যারোলে মুক্তি পাচ্ছেন স্যামসাং গ্রুপের ভাইস চেয়ারম্যান জে ইয়ং লি। ঘুষ ও দুর্নীতির কেলেঙ্কারির দায়ে আড়াই বছর ধরে সাজা খাটছেন দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠানটির কর্ণধার। দক্ষিণ কোরিয়ার বিচার মন্ত্রণালয়ের বরাত দিয়ে গত সোমবার এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
সরকারি সুবিধা পেতে তৎকালীন প্রেসিডেন্ট পার্ক গিউন হাইয়ের বন্ধু চোই সুন শিল পরিচালিত সরকারি অলাভজনক প্রতিষ্ঠানে ৪৩ বিলিয়ন উন অনুদান দেওয়ার অভিযোগ রয়েছে স্যামসাংয়ের বিরুদ্ধে। এই কারণে পার্লামেন্টে প্রেসিডেন্ট পার্ককে অভিশংসনের পক্ষে ভোট পড়ে। তবে লি এবং স্যামসাং গ্রুপ এ অপরাধের কথা সবসময়ই অস্বীকার করেছে।
লিকে দ্রুত মুক্তি দেওয়ার কারণ হিসেবে বলা হচ্ছে, দেশের অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় স্যামসাং গ্রুপে নেতৃত্ব এবং সিদ্ধান্তহীনতার সংকট তৈরি হয়েছে। তা থেকে উত্তরণেই এ সিদ্ধান্ত হচ্ছে। এছাড়া বিশ্বের ১২তম ধনী দেশটির রাজনীতিক ও ব্যবসায়ী নেতারা মহামারীকালের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন।
ঘুষ প্রদান, অর্থ আত্মসাৎ এবং বেআইনিভাবে আয় করাসহ অনেক অভিযোগ আছে লির বিরুদ্ধে। তবে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তার ব্যাপারে সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে বলে ধারণা বিশ্লেষকদের।