পুঁজিবাজারে তালিকাভুক্ত নয়টি কোম্পানির দাম বৃদ্ধির কারণ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। এসব কোম্পানির মূল্যবৃদ্ধির কারণ খতিয়ে দেখতে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে। গতকাল এ সংক্রান্ত আদেশ জারি করেছে এসইসি। নিয়ন্ত্রক সংস্থাটির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম এ তথ্য জানান। এসইসির পরিচালক শেখ মাহবুব উর রহমানকে তদন্ত কমিটির প্রধান করা হয়েছে। এ ছাড়া কমিটিতে আছেন এসইসির সহকারী পরিচালক জিয়াউর রহমান, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) উপমহাব্যবস্থাপক শফিকুল ইসলাম ভূঁইয়া ও সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) অ্যাপ্লিকেশন সাপোর্ট বিভাগের প্রধান মইনুল হক। কমিটিকে ৬০ কার্যদিবসের মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন কমিশনে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
কোম্পানিগুলো হলো : পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড, ন্যাশনাল ফিড মিল লিমিটেড, ঢাকা ডাইং, ফু-ওয়াং সিরামিক, বিকন ফার্মাসিউটিক্যালস, আনোয়ার গ্যালভানাইজিং, জিবিবি পাওয়ার, এমারেল্ড অয়েল এবং বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স। হঠাৎ করে এসব শেয়ারের মুনাফা বেড়ে যাওয়া এবং দাম বেড়ে ‘অযৌক্তিক’ পর্যায়ে পৌঁছানোর কারণেই তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন রেজাউল করিম।