সীতাকুন্ডের ভাটিয়ারীতে গরু চুরির অভিযোগে চারজনকে গণধোলাই দিয়ে থানায় সোপর্দ করেছে এলাকাবাসী। গতকাল মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে। পরে চুরি হওয়া গরুর মালিক সালাউদ্দিন এ বিষয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন।
ওই অভিযোগ সূত্রে জানা যায়, গত সোমবার গভীর রাতে সালাউদ্দিনের গোয়াল ঘর থেকে সালাউদ্দিন ও তার ভাইয়ের দুটি গরু চুরি হয়। পরদিন তারা খবর পান স্থানীয় সুজন, সাহাবুদ্দিন, শাহীন, নাসিরসহ আরও কয়েকজন গরু দুটি চুরি করে চট্টগ্রাম শহরে নিয়ে যায়। এরপর স্থানীয়রা ওই চারজনকে আটক করে গণধোলাই দিলে তারা গরু চুরির কথা স্বীকার করে গরু ফিরিয়ে দেবে বলে জানায়।
বিষয়টি চেয়ারম্যান জানতে পেরে থানাকে অবহিত করার পরামর্শ দেন। পরে খবর পেয়ে পুলিশ এই চারজনকে আটক করে থানায় নিয়ে আসে। ঘটনার সত্যতা নিশ্চিত করে সীতাকুন্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।