আদালত প্রাঙ্গণে পরীমণির কান্না

‘আমাকে ফাঁসানো হচ্ছে’

মাদক উদ্ধারের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য দ্বিতীয় দফায় রিমান্ড শুনানিতে নিজেকে নির্দোষ দাবি করেছেন আলোচিত চলচ্চিত্র নায়িকা পরীমণি। এছাড়া গতকাল মঙ্গলবার রিমান্ড শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম আদালত থেকে বের হয়ে যাওয়ার সময় তিনি আদালতের বারান্দায় দাঁড়িয়ে থাকা গণমাধ্যমকর্মীদের উদ্দেশে চিৎকার করে কাঁদতে কাঁদতে বলেছেন, ‘একটা মিথ্যা মামলায় আমাকে ফাঁসানো হয়েছে। কী করতেছেন আপনারা? আমাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হয়েছে। আর আপনারা তাকিয়ে তাকিয়ে দেখতেছেন।’

চার দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে গতকাল পরীমণিকে ঢাকার চিফ মেট্রোপলিটন আদালতে (সিএমএম) হাজির করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বাংলা সিনেমার হালের জনপ্রিয় এই নায়িকাকে ফের পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি চাওয়া হয়। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করে।

পরীমণির রিমান্ড শুনানি উপলক্ষে গতকাল ঢাকার সিএমএম আদালত এলাকায় কঠোর নিরাপত্তাবলয় গড়ে তোলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আদালতের এজলাস কক্ষে নেওয়ার সময় দুজন নারী পুলিশ কর্মকর্তা পরীমণির দুই হাত ধরে রাখেন। রিমান্ড শুনানি শেষে একই কায়দায় তাকে হাজতখানায় নেওয়া হচ্ছিল। তখন পরীমণি কাঁদতে কাঁদতে আরও বলেন, ‘আমাকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে, আর মিডিয়া তাকিয়ে তাকিয়ে দেখছে। সাংবাদিক ভাইয়েরা তদন্ত করে দেখুন।’

শুনানি চলাকালেও কাঠগড়ায় দাঁড়িয়ে অঝোরে কেঁদেছেন পরীমণি। এসময় বারবার তার আইনজীবীর দিকে তাকিয়ে শুনানি শুনছিলেন আর ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিলেন। তিনি নিজেকে নির্দোষ দাবি করলেও, রাজধানীর বনানী থানায় হওয়া মাদক মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য ফের  দুদিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। পরে তাকে রাজধানীর মালিবাগে সিআইডির প্রধান কার্যালয়ে নেওয়া হয়। গতকাল পরীমণির ‘সহযোগী’ আশরাফুল ইসলাম দীপুকেও দুই দিনের রিমান্ডে পাঠানো হয়েছে।

এদিকে পরীমণি পরিস্থিতির শিকার বলে দাবি করেছেন তার নানা শামসুল হক গাজী। বনানীর বাসায় পরীমণির সঙ্গেই থাকতেন তিনি। গতকাল দুপুরে আদালত প্রাঙ্গণে পরীমণিকে দেখতে এসে সাংবাদিকদের তিনি বলেন, ‘পরীমণি নিজের জন্য জীবনে কিছুই করেনি। সব মানুষের জন্য দান করেছে। আর এখন পরিস্থিতির শিকার হয়ে গেছে।’

পরীমণির মুক্তি দাবি করে তার নানা আরও বলেন, ‘নিজে একটা ফ্ল্যাট করেনি, কিছু করেনি। এফডিসিতে প্রত্যেক বছর গরিবদের জন্য গরু কোরবানি দেয়। আল্লাহপাক যদি ওরে মাফ করে আর কি।’

গতকাল দুপুর ১২টা ১০ মিনিটে সিআইডি কার্যালয় থেকে একটি মাইক্রোবাসে করে পরীমণিকে আদালতে আনা হয়। তাকে প্রথমে গারদখানায় নেওয়া হয়। এরপর দুপুর ১টা ৪৭ মিনিটে গারদখানা থেকে শুনানির জন্য ৭ম তলায় সংশ্লিষ্ট আদালতের কাঠগড়ায় নেওয়া হয়। পরীমণি আদালতে প্রবেশের কিছুক্ষণ পরেই আদালতের ফটকের কলাপসিবল গেটে আইনজীবী, গণমাধ্যমকর্মী ও দায়িত্বরত পুলিশ সদস্যদের মধ্যে কিছুক্ষণ ধস্তাধস্তি হয়। দুপুর ২টার পর শুরু হয় শুনানি। এসময় পরীমণির সঙ্গে কথা বলার অনুমতি না পেয়ে আদালতের বাইরে একটি বেঞ্চে বসে থাকতে দেখা যায় তার নানাকে।

শুনানি শেষে আসামিপক্ষের আইনজীবী মজিবুর রহমান সাংবাদিকদের বলেন, ‘পরীমণির বিরুদ্ধে শুধু মাদক রাখার অভিযোগ উঠেছে। এছাড়া আর কোনো অভিযোগ তার বিরুদ্ধে নেই। এ অভিযোগে তাকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। তারপরও আবারও তাকে রিমান্ডে নেওয়ার কোনো যৌক্তিকতা নেই। কারণ এ মাদক মামলার সুযোগে অন্য কোনো স্বার্থ হাসিল হতে পারে না। পরীমণি এক দিনের চিত্রনায়িকা নন। তার দীর্ঘদিনের ক্যারিয়ার নষ্ট করা হচ্ছে। এটি খুবই দুঃখজনক। আদালতকে বলেছি, পরীমণির যেন ভারতের চন্দ্রাবতীর মতো মেধা নষ্ট না নয়। তার প্রতি যেন ন্যায়বিচার করা হয়।’

এর আগে শুনানিতে এই আইনজীবী বলেন, ‘পরীমণি যে পোশাকে ঘর থেকে বের হয়েছিলেন, ১২২ ঘণ্টা তাকে সেই একই কাপড়ে রাখা হয়েছে। হতে পারেন তিনি অভিযুক্ত। তার তো একটা লাইফস্টাইল আছে। তার প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা আছে।’ এসময় পরীমণির সঙ্গে তার আইনজীবীদের কোনো কথা হয়নি জানিয়ে মজিবুর রহমান আদালতের কাছে কিছুটা সময় আবেদন করেন। তিনি বলেন, ‘তিনি (পরীমণি) অসুস্থ, মেয়ে মানুষ। তাকে এই আইনে কেন রিমান্ডে নেবেন? যারা মাদক সেবন করেন তাদের শাস্তি দেওয়ার জন্য এ আইন নয়। তিনি যদি ব্যবসার সঙ্গে জড়িত হন, তবে রিমান্ডের ব্যাপার আসত।’ পরে তিনি আদালতের কাছে পরীমণির জামিনের আবেদন করেন।

শুনানিতে অংশ নিয়ে পোশাকের বিষয়ে পরীমণির আইনজীবীর অভিযোগের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী আবদুল্লাহ আবু বলেন, পরীমণি এতদিন অন্য জামা গায়েই ছিলেন। আদালতে আসার আগে তিনি জামা চেঞ্জ করে এটা গায়ে দিয়ে এসেছেন। তিনি আদালতকে বলেন, মামলার আসামি পরীমণির বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে। যার বাজারমূল্য ২ লাখ ১১ হাজার ৫০০ টাকা। এই মাদক কোথা থেকে এলো? তার উৎস কী? সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে আবারও রিমান্ডে নেওয়া প্রয়োজন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত পরীমণির দুই দিনের রিমান্ড মঞ্জুর করে। পরে তাকে আদালত থেকে বের করে নিয়ে যাওয়া হয়।

পরীমণি-পিয়াসা সংশ্লিষ্ট আরও কয়েকজনকে তলব করবে সিআইডি : পরীমণি এবং কথিত মডেল পিয়াসা ও মৌয়ের মামলার বিষয়ে জানতে আরও কয়েকজনকে তলব করা হবে বলে জানিয়েছেন সিআইডির প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ব্যারিস্টার মাহবুবুর রহমান। তিনি গতকাল বিকেলে সিআইডি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বলেন, ‘চিত্রনায়িকা পরীমণি, পিয়াসা ও মৌয়ের মামলার বিষয়ে আমরা বেশ কয়েকজনকে ডেকেছি, আরও বিভিন্নজনকে ডাকব। তবে মিডিয়াতে আগেই তাদের নাম নিশ্চিত না হয়ে প্রচার করা উচিত নয়। যাদের ডাকব না আপনারা মনে করবেন এসব মামলার সঙ্গে তাদের সম্পৃক্ততা পাওয়া যায়নি।’

সিআইডি প্রধান আরও বলেন, ‘আমরা অভিযুক্ত সবার বাসায় অভিযান চালিয়েছি। আমরা ৩টা জিপ, একটা বিএমডব্লিউ, একটা মাজদা এবং একটা ফেরারি গাড়ি জব্দ করেছি। মোবাইল জব্দ করেছি। আমরা চেষ্টা করব নির্দিষ্ট সময়সীমার মধ্যে সব মামলার তদন্ত শেষ করতে। তবে অনলাইন, পত্রিকা ও সোস্যাল মিডিয়াতে এসবের সঙ্গে জড়িত অনেকের নাম এসেছে। এরকম খণ্ডচিত্র এলে অনেকের সম্মানহানি হয়। আমরা তদন্ত করছি, আমাদের সময় দেন, আমরাই তদন্ত শেষে সব জানিয়ে দেব।’

সম্প্রতি রাজধানীর বেশকিছু জায়গায় অভিযান চালানো হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘আমরা জব্দ হওয়া ডিভাইসগুলোর ফরেনসিক পরীক্ষা শুরু করেছি। যেসব লিকার (মদ) পাওয়া গেছে, সেগুলোর রাসায়নিক পরীক্ষা চলছে। আমরা আশা করছি নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত শেষ করে ফেলতে পারব।’

মাদকসংক্রান্ত অভিযোগ ছাড়া পরীমণিসহ বাকি আসামিদের বিরুদ্ধে অন্য কোনো অভিযোগ আছে কিনাÑএমন প্রশ্নের জবাবে সিআইডি প্রধান বলেন, ‘জিজ্ঞাসাবাদ শেষে আমরা বুঝতে পারব মামলা কোন দিকে যাবে। তবে আসামিদের সম্পত্তির বিষয়েও নানা রকম তথ্য সংগ্রহ করা হচ্ছে। জব্দকৃত ৬টি গাড়ির বিষয়েও খোঁজ নেওয়া হচ্ছে।’

কিছু প্রভাবশালী ব্যক্তি অভিযোগ করছেন সম্প্রতি ঘটে যাওয়া অভিযানকে কেন্দ্র করে তাদের হয়রানি করা হচ্ছে, তাই তারা এ বিষয়ে পুলিশের অন্যান্য ইউনিটের কাছে অভিযোগ করেছেন। এতে করে মামলার তদন্ত বাধাগ্রস্ত হবে কিনা জানতে চাইলে মাহবুবুর রহমান বলেন, ‘যদি কেউ মনে করে তাদের সুনাম ক্ষুণœ হচ্ছে, তাহলে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।’

এসব মামলাসংক্রান্ত কারও বিরুদ্ধে বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘প্রয়োজন পড়লে বিদেশযাত্রার বিষয়ে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত আমরা নিতে পারি। অফিসিয়ালি কারও বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হয়নি। তবে কয়েকজনকে এ বিষয়ে নজরদারিতে রাখা হয়েছে। তথ্য যাচাই-বাছাই ছাড়া এ বিষয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারি না।’

আসামিদের হাতে প্রতারিত হওয়াদের কোনো ধরনের তালিকা তৈরি হচ্ছে কিনা জানতে চাইলে সিআইডি প্রধান বলেন, ‘আইন অনুযায়ী তালিকা তৈরি করার সুযোগ নেই।’

পরীমণির বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন গাফ্ফার চৌধুরীর : পরীমণির বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি আবেদন জানিয়েছেন প্রখ্যাত লেখক, সাংবাদিক ও কলামিস্ট আব্দুল গাফ্ফার চৌধুরী। গত সোমবার আবেদনটি তিনি গণমাধ্যমে পাঠান। আবেদনে ‘হায়েনাদের কাছ থেকে পরীমণিকে বাঁচানোর’ আহ্বান জানিয়ে লন্ডন প্রবাসী প্রবীণ এই সাংবাদিক লিখেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এটি তার একার আবেদন নয়। দেশে প্রশাসন, একটি বিত্তশালী গোষ্ঠী এবং মিডিয়া গোষ্ঠী মিলে ২৮ বছরের এক তরুণীকে সম্পূর্ণ ধ্বংস করার যে ষড়যন্ত্র চালাচ্ছে সে সম্পর্কে সচেতন নাগরিক সমাজের আবেদন।

পরীমণি ইস্যুতে সিটি ব্যাংকের জিডি : পরীমণি ইস্যুতে গণমাধ্যমে সিটি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাশরুর আরেফিনের নাম আসায় ক্ষতির আশঙ্কায় গুলশান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে সিটি ব্যাংক কর্র্তৃপক্ষ। কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদন প্রকাশ হয়েছে যে, পরীমণিকে সাড়ে তিন কোটি টাকার বিলাসবহুল গাড়ি উপহার দেন মাশরুর আরেফিন। এরপর এক ফেইইসবুক পোস্টে ‘পরীমণিকে কখনো দেখেননি’ বলে জানিয়েছেন মাশরুর আরেফিন।

গুলশান থানার ওসি আবুল হাসান বলেন, ‘গত সোমবার করা জিডিতে উল্লেখ করা হয়েছে যে, এসব মিথ্যা-বানোয়াট তথ্য প্রচারের মাধ্যমে একটি চক্র সিটি ব্যাংক থেকে চাঁদাবাজির পাঁয়তারা করছে। এছাড়াও বর্তমানে এসব নিউজের কারণে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা সামাজিক নিরাপত্তাহীনতা, মানসিক উদ্বিগ্নতায় ভুগছেন বলে উল্লেখ করা হয়েছে।’

মডেল মৌ ও প্রযোজক রাজ ফের রিমান্ডে : প্রযোজক নজরুল ইসলাম রাজ ও মডেল মৌকে ফের রিমান্ডে নেওয়া হয়েছে। চার দিনের রিমান্ড শেষে গতকাল মোহাম্মদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় কথিত মডেল মরিয়ম আক্তার মৌকে জিজ্ঞাসাবাদের জন্য ফের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকা মহানগর হাকিম আবু সুফিয়ান নোমান। আর মাদক ও পর্নোগ্রাফি মামলায় প্রযোজক নজরুল ইসলাম রাজ ও সহযোগী সবুজ আলীকে জিজ্ঞাসাবাদের জন্য ছয় দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। তারমধ্যে মাদক মামলায় দুই দিন আর পর্নোগ্রাফি মামলায় চার দিন।

গত ৪ আগস্ট বিকেলে পরীমণির বনানীর বাসায় প্রায় চার ঘণ্টা ধরে অভিযান শেষে সেখান থেকে বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের বিপুল পরিমাণ মদ ও মাদক উদ্ধারের কথা জানায় র‌্যাব। পরে রাতে বনানীর ৭ নম্বর রোডে পরীমণির বন্ধু রাজের বাসায় অভিযান চালায় র‌্যাব। তার বাসা থেকেও বিদেশি মদ উদ্ধারের কথা জানান র‌্যাব কর্মকর্তারা। পরে তাদের বিরুদ্ধে বনানী থানায় মামলা করা হয়।