করোনায় মেয়ের মৃত্যুর খবর শুনে মারা গেলেন মা

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের রায়নগর গ্রামে মেয়ে মারা যাওয়ার খবর শুনেই মায়ের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটে। মায়ের নাম আলিয়া বেগম (৭৮)। গতকাল সকালে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মেয়ে আকলিমা খাতুন (৬০) করোনা আক্রান্ত হয়ে মারা যান।

প্রতিবেশী আল মামুন আরজু বলেন, আকলিমা খাতুন করোনায় আক্রান্ত ছিলেন। তিনি ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অপরদিকে বার্ধক্যজনিত জটিলতা ও শারীরিক সমস্যা নিয়ে মা আলিয়া বেগম রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ফরিদপুরে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে আকলিমা মারা যান। মারা যাওয়ার পর তার মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়। তার কবর খোঁড়ার কাজ চলছিল। মেয়ের মারা যাওয়ার খবর দেওয়ার কিছু সময় পর মা আলিয়া স্ট্রোক করে মারা যান। এরপর আরও একটি কবর খোঁড়া হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বাদ আসর কাজীবাধা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মা ও মেয়ের জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

তিনি আরও বলেন, আকলিমা-মোস্তাক দম্পতির কোনো সন্তান ছিল না। মোস্তাক খুলনায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। চাকরি থেকে অবসর নেওয়ার পরে তারা রায়নগর বসবাস করতেন।