ভিকারুননিসা

১৯ যমজ শিশুর সবাইকে ভর্তির নির্দেশ হাইকোর্টের

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের চলতি শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে ভর্তি হতে আবেদন করেছিল আলাদা আলাদা পরিবারের ১৯ জোড়া যমজ শিশু (৩৮ জন)। কিন্তু লটারিতে ৩৮ শিশুর মধ্যে ভর্তির সুযোগ পায় ১৯ জন। অন্য ১৯ জনের ভর্তির সুযোগ মেলেনি। তাদের ভর্তি করাতে ওই শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করেছিলেন অভিভাবকরা। সাড়া না মেলায় উচ্চ আদালতের দ্বারস্থ হন তারা। এ সংক্রান্ত রিট আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল মঙ্গলবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এক আদেশে ভর্তিবঞ্চিত ওই ১৯ শিশুকে ভর্তি করতে ওই শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে।

ভার্চুয়ালি রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী তাসমিয়া প্রধান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

রাষ্ট্রপক্ষের আইনজীবী বিপুল বাগমার দেশ রূপান্তরকে বলেন, ‘যমজ শিশুর একজন করে ভর্তির সুযোগ পাওয়ায় বিপাকে পড়েন তাদের অভিভাবকরা। একজন এক স্কুলে অন্যজন অন্য স্কুলে ভর্তি হলে তাদের আসা-যাওয়ার সমস্যায় পড়বেন অভিভাবকরা। যমজ হওয়ায় পৃথকভাবে চলাফেরা করলে তাদের মানসিক বিকাশ ব্যাহত হবে। রিটকারীদের আইনজীবীর এমন যুক্তি বিবেচনায় নিয়ে আদালত ওই ১৯ শিশুকে ভর্তির নির্দেশসহ ওই শিশুদের ভর্তি নেওয়ার সিদ্ধান্তের বিষয়ে রুল জারি করেছেন।’