খুলনার রূপসার শিয়ালি গ্রামে মন্দির, ব্যবসায় প্রতিষ্ঠান ও বাড়িঘরে ভাঙচুর-লুটপাট, পটুয়াখালীর কলাপাড়ায় রাখাইন সম্প্রদায় এবং মৌলভীবাজারের কুলাউড়ায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকজনের ওপর হামলাসহ দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলাকারীদের শাস্তির দাবিতে গতকাল বুধবার জয়পুরহাট, ঠাকুরগাঁও এবং গোপালগঞ্জের কাশিয়ানীতে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জয়পুরহাট : বিকেলে শহরের জিরো পয়েন্ট পাঁচুর মোড় এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের আয়োজনে শৈলেন সরকারের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য নৃপেন্দ্রনাথ মন্ডল, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অশোক কুমার ঠাকুর।
ঠাকুরগাঁও : বিকেলে শহরের চৌরাস্তা মোড়ে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ, জেলা শাখা ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখা যৌথভাবে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে।
গোপালগঞ্জ : কাশিয়ানীতে প্রতিবাদ সমাবেশ ও প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মতুয়া মহাসংঘ এ কর্মসূচির আয়োজন করে। দুপুরে কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি গ্রামের ঠাকুর বাড়ির শ্রীশ্রী হরিচাঁদ ও গুরুচাঁদ ঠাকুরের মন্দির প্রাঙ্গণে জয়পুর তারক ধামের সদস্য পরীক্ষিত গোসাইয়ের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ হয়।