সাভার রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মিন্টু চন্দ্র বর্মণের হত্যাকারীদের ফাঁসির দাবিতে লালমনিরহাটের হাতীবান্ধায় মানববন্ধন হয়েছে। মানববন্ধনে এলাকার সর্বস্তরের মানুষ অংশ নেয়।
গতকাল বুধবার দুপুরে হাতীবান্ধা উপজেলার মেডিকেল মোড় গোল চত্বরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন হয়। এদিকে মিন্টু চন্দ্র বর্মণের মরদেহ গতকাল ভোরে তার নিজ গ্রাম হাতীবান্ধা উপজেলার বড়াইপাড়ার শ্মশানে দাহ করা হয়।
মানববন্ধনে বক্তব্য দেন টংভাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতিয়ার রহমান আতি, এসএস সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মঞ্জুর হোসেন মজনু, আলহাজ¦ শমসের উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুর রাজ্জাক রুবেল, হাতীবান্ধা মুক্তিযোদ্ধা মঞ্চের সাধারণ সম্পাদক রনিউল ইসলাম রিপন, ছাত্রনেতা মোহন, জুয়েল প্রমুখ।