দায়দেনা ও সম্পদের হিসাব ৩ সপ্তাহ সময় পেল ইভ্যালি

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালিকে তার দায়দেনা ও সম্পদের হিসাব দিতে তিন সপ্তাহ সময় বেঁধে দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এর আগে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কেন আইনি ব্যবস্থা নেওয়া হবে না, তার জবাব দিতে ছয় মাস সময় চেয়েছিল ইভ্যালি। কিন্তু গতকাল বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের এক বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, মার্চেন্টদের কাছে দায়ের তথ্য দিতে ইভ্যালিকে সর্বোচ্চ তিন সপ্তাহ সময় দেওয়া হবে। গতকাল সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান বাণিজ্য মন্ত্রণালয়ের বিশ্ববাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) সেলের মহাপরিচালক মো. হাফিজুর রহমান।

তিন সপ্তাহ সময়ের বিভাজন করা হয়েছে আবার তিন ভাবে। ক্রেতাদের কাছে ইভ্যালির দায় কত, তা জানাতে হবে সাত দিনের মধ্যে; মার্চেন্টদের কাছে দায় কত, তা জানাতে হবে তিন সপ্তাহের মধ্যে; আর সম্পদ ও দায় কত আছে, তা জানাতে হবে তিন থেকে পাঁচ দিনের মধ্যে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কাছে ইভ্যালির বিরুদ্ধে অভিযোগ আছে ৬ হাজার ৭৪৭টি। এর মধ্যে ৪ হাজার ১৪৫টি অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে। নিষ্পত্তির অপেক্ষায় আছে ২ হাজার ৬১২টি অভিযোগ।

ডব্লিউটিও সেলের মহাপরিচালক মো. হাফিজুর রহমান বলেন, ইভ্যালিকে যে সময় দেওয়া হয়েছে, জবাব দিতে তার চেয়ে বেশি সময় লাগার কথা নয়। এবারও যথাসময়ে তথ্য না দিলে কী ব্যবস্থা নেওয়া হবে, এমন প্রশ্নের জবাবে হাফিজুর রহমান বলেন, সময় চাইলে আইনানুযায়ী সময় দিতে হয়। এবার ব্যর্থ হলে কী হবে, তা পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি বলেন, ইভ্যালি দেনা কীভাবে পূরণ করবে, কাস্টমারের দেনা কীভাবে পরিশোধ করবে সেটির বিষয়ে জানতে চেয়ে আমরা চিঠি দিয়েছিলাম। সে বিষয়ে ১ আগস্ট তাদের চিঠি রিসিভ করেছি। তাদের তথ্য তৈরি করতে ছয় মাস সময় লাগবে বলে আমাদের জানিয়েছে। তারা বলেছে, এক হাজার কোটি টাকা বিনিয়োগের চুক্তি করেছে। এর মধ্যে ২০০ কোটি টাকা বিনিয়োগ পেয়েছে। তাদের দাবি অনুযায়ী ছয় মাসের মধ্যে নিয়মিত তারা পণ্য ডেলিভারি দেবে। তারা ১৫ দিন অন্তর তথ্য জানাবে। তবে তারা বলছে, ছয় মাসের মধ্যে থার্ড পার্টি দিয়ে অডিট করে রিপোর্ট দেবে।

কমিটির সিদ্ধান্তের কথা জানিয়ে তিনি বলেন, আমরা চিঠি দিয়েছিলাম ১৯ জুলাই। তারপর তারা ৩১ তারিখ জবাব দিয়ে চিঠি দিয়েছে, সেখানে ১২ দিন সময় চলে গেছে। এখন এ মাসে আরও ১১ দিন গেছে। সব বিবেচনা করে তিন সপ্তাহ সময় দেওয়া হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের বৈঠকের সিদ্ধান্তের কথা জানিয়ে বক্তব্য চাইলে ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল বলেন, আমাদের কাছে আগে নোটিস আসুক। এরপর মন্তব্য করা যাবে।