ফরিদপুরে আ.লীগ-বিএনপির সমর্থকদের সংঘর্ষ

ফরিদপুর সদরের কানাইপুরের রনকাইল গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় হামলাকারীরা কয়েকটি বসতবাড়ি ভাঙচুর করেছে। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। গত বুধবার সন্ধ্যায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ সংঘর্ষের সঙ্গে যুক্ত ছয়জনকে আটক করেছে।

ফরিদপুর কোতোয়ালি থানার ওসি এমএ জলিল জানান, কানাইপুরের রনকাইল এলাকার বিদ্যমান বিরোধের দুই পক্ষকে আমরা ডেকেছিলাম থানায়, কিন্তু তারা থানায় না এসে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

তিনি বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আমরা সংঘর্ষের সঙ্গে যুক্ত সন্দেহে ছয়জনকে আটক করেছি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

স্থানীয়রা জানান, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুল মাতুব্বর ও আলতাব মাতুব্বরের সমর্থকেরা স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ সদস্য সালাম মোল্লার সমর্থকদের ওপর হামলা করে। পরে উভয় পক্ষই সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়। হামলাকারীরা বেশ কয়েকটি বসতবাড়ি ভাঙচুর করে।

এ বিষয়ে কানাইপুর ইউপির চেয়ারম্যান ফকির মো. বেলায়েত হোসেন বলেন, রনকাইল গ্রামে একটি জমিসংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ হয়। এর আগে একাধিকবার পুলিশ প্রশাসনের সহযোগিতায় মারামারি, দাঙ্গা-হাঙ্গামা বাড়তে দিইনি। এলাকায় শান্তির লক্ষ্যে বিষয়টা আমরা প্রশাসনের সঙ্গে কথা বলে দ্রুত মীমাংসার পর্যায়ে গিয়েছিলাম। কোতোয়ালি থানার ওসিও দুপক্ষকে ডেকেছিলেন, কিন্তু কামরুল-আলতাব গংরা সেখানে না গিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।