যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি বাড়াতে চায় বাংলাদেশ

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানি বাড়াতে চায় বাংলাদেশ। বাংলাদেশে তৈরি মানসম্মত পোশাক, এর মূল্য ও ডিজাইন বিশ^ব্যাপী জনপ্রিয় হওয়ায় রপ্তানিও ক্রমান্বয়ে বাড়ছে। বাণিজ্যমন্ত্রী গতকাল যুক্তরাষ্ট্রে ক্যালিফোর্নিয়ার লাস ভেগাস কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত ‘মেনস অ্যাপারেল গিল্ড ইন ক্যালিফোর্নিয়া’ শীর্ষক বাণিজ্য মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

টিপু মুনশি বলেন, বর্তমান সরকার রপ্তানি বৃদ্ধি এবং ‘মেড ইন বাংলাদেশ’ বিশ্বের কাছে জনপ্রিয় করার লক্ষ্যে সব ধরনের পদক্ষেপ নিয়েছে। কভিড পরিস্থিতিতে তৈরি পোশাক খাতের জন্য প্রণোদনা প্যাকেজের আওতায় আর্থিক সহযোগিতা প্রদান এবং এ খাত স্থিতিশীল রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানি বাড়ানোর সুযোগ রয়েছে, সেটা আমরা কাজে লাগাতে চাই। এজন্য দুই দেশের ব্যবসায়ীদের তিনি এগিয়ে আসার আহ্বান জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশ পোশাক রপ্তানি বাড়াতে এর গুণগত মান বৃদ্ধি, নতুন ডিজাইন এবং গ্রাহকের পছন্দ বিবেচনায় নিয়ে কাজ করছে। যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের চাহিদা মোতাবেক সব ধরনের ডেটা প্রস্তুত করা হবে। তিনি বলেন, ২০১২ সালে রানা প্লাজা দুর্ঘটনার পর বাংলাদেশের তৈরি পোশাক খাতে যুগান্তকারী পরিবর্তন এসেছে। টেকসই উন্নয়ন হয়েছে। বিশ্বের তৈরি পোশাক শিল্পের বেশিরভাগ গ্রিন কারখানা এখন বাংলাদেশে। নিরাপদ ও কর্মবান্ধব পরিবেশে শ্রমিকরা কাজ করছে বলে তিনি উল্লেখ করেন। বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রের পোশাক ব্যবসায়ীদের বাংলাদেশ সফর করে পোশাক কারখানা ও শ্রমিকদের কাজের পরিবেশ দেখার আহ্বান জানান।

অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা বাংলাদেশের তৈরি পোশাক খাতের কাজের মান, উৎপাদন খরচ, শ্রমিকদের কমপ্লায়েন্স, কাজের পরিবেশ ও স্বাস্থ্যসেবা এবং টেকসই উন্নয়নের বিষয়ে জানার আগ্রহ প্রকাশ করেন। বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিরও আগ্রহ দেখান তারা। যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা বাংলাদেশের তৈরি পোশাক সম্পর্কিত ডেটা, প্রয়োজনীয় তথ্য-উপাত্ত, তৈরি পোশাক শিল্পের ইতিহাস চান। সে দেশের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক বাজারজাতকরণে সহযোগিতার আশ্বাস দেন তারা।