১৯৬ মুক্তিযোদ্ধার ভাতা চলমান রাখার আদেশ আপিলে বহাল

সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি) ১৯৬ বীর মুক্তিযোদ্ধার আর্থিক সুবিধা চলমান রাখতে হাইকোর্ট যে আদেশ দিয়েছিল, সেটি সুপ্রিম কোর্টের আপিল বিভাগেও বহাল রয়েছে। গত বছরের জুলাইয়ে হাইকোর্টের দেওয়া ওই আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) খারিজ করে গতকাল বৃহস্পতিবার এ আদেশ দেয় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে গঠিত ভার্চুয়াল আপিল বেঞ্চ।

গত বছরের ৭ জুন ১ হাজার ১৮১ জনের মুক্তিযোদ্ধা স্বীকৃতিসংক্রান্ত গেজেট বাতিল করে গেজেট জারি করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। তাদের মধ্যে ১ হাজার ১৩৪ জন বিজিবির (পূর্বের বিডিআর)। পরে মন্ত্রণালয়ের ওই গেজেটের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়। গত বছর ৭ জুলাই বিজিবির  ১ হাজার ১৩৪ জনের মধ্যে গেজেট বাতিলের সিদ্ধান্তে ১১৯ জনের ক্ষেত্রে স্থগিত করে রুল  জারি করে হাইকোর্ট। পর্যায়ক্রমে ১৯৬ জনের অন্যদের ক্ষেত্রেও একই আদেশ আসে। রাষ্ট্রপক্ষের আবেদনের পর গত বছর ২২ নভেম্বর সুপ্রিম কোর্টের চেম্বার আদালত হাইকোর্টের আদেশে স্থিতাবস্থা (স্ট্যাটাস ক্যু) জারি করলেও ১৯৬ জনের আর্থিক সুবিধা চলমান রাখতে আদেশ দেয়। এর ধারাবাহিকতায় বিষয়টি আপিল বিভাগে আসে।

ভার্চুয়ালি রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ। রিট আবেদনকারীদের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী আহসানুল করীম। সঙ্গে ছিলেন আইনজীবী মো. আব্দুল কাইয়ুম লিটন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শেখ মোহাম্মদ মোরশেদ আদেশের বরাতে দেশ রূপান্তরকে বলেন, ‘১৯৬ জনকে আর্থিক  সুবিধা দিতে হাইকোর্টের আদেশটি আপিল বিভাগে বহাল রয়েছে। এ বিষয়ে হাইকোর্টের রুল এবং অন্তর্বর্তীকালীন আদেশ ছিল। হাইকোর্টে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদের আর্থিক সুবিধা চলবে।’ রিটকারী পক্ষের আইনজীবী আব্দুল কাইয়ুম লিটন বলেন, ‘হাইকোর্ট ১৯৬ জনের আর্থিক সুবিধা দিতে নির্দেশ দিয়েছিল। পরে রাষ্ট্রপক্ষ এ নিয়ে প্রথমে চেম্বার আদালত ও পরে আপিল বিভাগে যায়। আজ (গতকাল) রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল খারিজ করেছেন। ফলে তাদের হাইকোর্টের আদেশটি বহাল থাকায় তাদের আর্থিক সুবিধা পেতে বাধা নেই।’