ঠাকুরগাঁও শহরের আলোচিত স্কুলশিক্ষক শান্তনা রায় মিলি চক্রবর্তী হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তার ছেলেসহ দুজনকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
বৃহস্পতিবার রাতে নিহত মিলির ছেলে অর্ক রায় রাহুল (২৮) এবং স্বেচ্ছাসেবক দলের নেতা আমিনুল ইসলাম সোহাগকে (৪০) আটক করা হয়েছে।
মামলার তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে সিআইডির হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক।
সিআইডির এই কর্মকর্তা আরও বলেন, হত্যাকাণ্ডের স্বরূপ উদ্ঘাটনে তাদের জিজ্ঞাসাবাদ চলছে। জেলা শহরের কালিবাড়ি মোড় থেকে সোহাগকে আটক করার পর মোহাম্মদ আলী সড়কের নিজ বাড়ি থেকে আটক করা হয় নিহত মিলির ছেলে রাহুলকে।
ঠাকুরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভিরুল ইসলাম বলেন, এ বিষয়টি এখন সিআইডির কাছে ন্যস্ত করা হয়েছে। তারা মামলাটি তদন্ত করছেন।
গত ৮ জুলাই সকালে শহরের মোহাম্মদ আলী সড়কে নিজ বাসার পাশে থেকে মিলি চক্রবর্তীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ১০ জুলাই ঠাকুরগাঁও থানায় একটি হত্যা মামলা হয়।
মিলি চক্রবর্তী (৪৫) ‘প্রারম্ভিক কিন্ডারগার্টেন’ নামে একটি স্কুলের সাবেক শিক্ষিকা। তার স্বামী সমীর কুমার রায় পঞ্চগড় চিনিকলে কর্মরত। শহরের লোটো জুতার দোকানের শো-রুমের মালিক তিনি।
এ দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছে। দুই সন্তানেরই বিয়ে হয়েছে। তাদের বাড়ি শহরের তাঁতীপাড়ায়।