নদী উত্তাল থাকায় পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল ব্যাহত

বন্ধের দিন শুক্রবার সকাল থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে বৃষ্টির সঙ্গে নদী উত্তাল থাকায় ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। ফলে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে।

দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের ২১ জেলার প্রবেশ পথ পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে শুক্রবার সকাল থেকে ব্যক্তিগত যানবাহন, যাত্রীবাহী বাস এবং জরুরি পণ্যবাহী ট্রাক ফেরি পারাপারের অপেক্ষায় থাকতে দেখা গেছে। 

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডিজিএম মো. জিল্লুর রহমান বলেন, বৃষ্টির সঙ্গে পদ্মায় তীব্র স্রোত থাকায় ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এদিকে  শিমুলিয়া-বাংলাবাজার নৌরুট থেকে বৃহস্পতিবার চারটি ফেরি পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে  যুক্ত করা হয়। এখন আমাদের মোট ফেরির সংখ্যা ১৯। শুক্রবার সকাল থেকে ছোট-বড় মিলে ১৭টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। 

মানিকগঞ্জ ট্রাফিক পুলিশের সর্বশেষ খবর অনুযায়ী শুক্রবার সকাল ১০টার দিকে পাটুরিয়া প্রান্তে ৭০টির মতো যাত্রীবাহী বাস, শতাধিক ব্যক্তিগত যানবাহন, তিন শতাধিক পণ্যবাহী ট্রাক এবং উথুলি সংযোগ মোড়ে আরো দুশতাধিক পণ্যবাহী ট্রাক ফেরি পারাপারের অপেক্ষায় আছে। তবে বেল বাড়ার সঙ্গে উভয়মুখী যানবাহনের সংখ্যাও বাড়তে থাকে।