নাস্তায় মাংস

মাংস সহযোগে কয়েক রকম নাস্তার রেসিপি দিয়েছেন নাদিয়া নাতাশা

বিফ পাফ রোল

উপকরণ

পাফ ডো সিট ১টা, বিফ কুচি ১ কাপ, পেঁয়াজ কুচি ১ কাপ, কাঁচামরিচ কুচি ২ টেবিল চামচ, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ চা চামচ, মরিচ গুঁড়ো ১ চা চামচ, হলুদ গুঁড়ো আধা চা চামচ, গোলমরিচ গুঁড়ো আধা চা চামচ, গরম মসলা গুঁড়ো সামান্য, চিকেন পাউডার ১ চা চামচ, টমেটো সস ১ টেবিল চামচ, তেল ২ টেবিল চামচ, ডিম ১টা, সাদা তিল সামান্য।

যেভাবে তৈরি করবেন

১. ফ্রাইপ্যানে তেল গরম হলে পেঁয়াজ কুচি ও বিফ কুচি দিয়ে ভেজে বাকি সব উপকরণ দিয়ে কষিয়ে পানি দিন।

২. মাংস সেদ্ধ হয়ে পানি শুকিয়ে গেলে নামিয়ে নিন।

৩. এবার পাফ পেস্ট্রি চারকোনা করে কেটে দুপাশে ২ ইঞ্চি করে কেটে নিন সমানভাবে।

৪. এবার ডো-এর মাঝখানের মাংসটা লম্বা করে রেখে দুপাশে কাটা ডো টেনে নিয়ে বেণীর মতো করে দিন।

৫. এবার ডিম ব্রাশ করে সাদা তিল ছড়িয়ে ১৮০ ডিগ্রিতে ৩০ থেকে ৩৫ মিনিট বেক করে পরিবেশন করুন।

বিফ রোজ মোমো

উপকরণ

খামির তৈরি : ময়দা বা আটা ১ কাপ, লবণ সিকি চা চামচ, পানি সিকি কাপ

পুর তৈরি : বিফ কিমা ১ কাপ, পেঁয়াজ মিহি কুচি ২ চা চামচ, আদা কুচি ১ চা চামচ, রসুন কুচি আধা চা চামচ, কাঁচামরিচ কুচি ১ চা চামচ, ধনেপাতা কুচি ২ চা চামচ, সয়া সস ১ চা চামচ, লেবুর রস ১ চা চামচ, সাদা গোলমরিচের গুঁড়ো আধা চা চামচ, মাখন ১ চা চামচ, লবণ সামান্য।

যেভাবে তৈরি করবেন

১. পুর তৈরির সব উপকরণ ভালো করে মেখে নিন।

২. ময়দা বা আটা, লবণ ও পানি মেখে রুটির খামির বানিয়ে আধা ঘণ্টা ঢেকে রাখুন। ছোট লেচি কেটে বেলে নিন।

৩. এবার ছোট ছোট গোল গোল করে লেচি কেটে একটার ওপর আরেকটা লম্বা লাইন করে বিছান।

৪. ৫টা লেচি এভারে বিছিয়ে পুরটা লম্বা করে দিয়ে একপাশ ভাঁজ করে পুরটা ঢেকে দিন। লম্বা করে একপাশ থেকে রোল করে গোলাপ তৈরি করুন।

৫. এবার স্টিম করার পাত্রে পানি গরম করে মোমো ১০-১৫ মিনিট ভাপ দিলেই হয়ে যাবে।

বিফ বারবিকিউ পিৎজা

উপকরণ

পিৎজা সস ২ টেবিল চামচ, তেল ১ টেবিল চামচ, মোজারেলা চিজ ১ কাপ, বিফ কিউব করে কাটা ১ কাপ, বারবিকিউ সস ২ টেবিল চামচ, রসুন কুচি ১ চা চামচ, টমেটো সস ১ টেবিল চামচ, সয়া সস ১ চা চামচ, পাপরিকা সামান্য, অরিগানো সামান্য, মাশরুম টুকরো সিকি কাপ।

পিৎজার ডো : ময়দা ২ কাপ, ইস্ট ২ চামচ, ডিম ১টা, তেল ১ টেবিল চামচ, লবণ সিকি চা চামচ, গরম পানি আধা কাপ, গুঁড়ো দুধ ২ চামচ, চিনি আধা চামচ।

যেভাবে তৈরি করবেন

১. ময়দা, ইস্ট, ডিম, গুঁড়ো দুধ, চিনি ও গরম পানি দিয়ে ময়ান করে নিন। ময়ানে এবার তেল দিন অল্প একটু। এবার পিৎজা ডো-টাকে চুলার পাশে ভেজা নরম কাপড় দিয়ে ঢেকে রাখুন ৩ ঘণ্টা।

২. বিফ সেদ্ধ করে ফ্রাইপ্যানে বাটার তেল দিয়ে তাতে রসুন কুচি হালকা ভেজে বারবিকিউ সস, টমেটো সস, সয়া সস দিয়ে মাংসটা একটু ঘন হলে নামিয়ে নিন।

৩. এখন স্টিলের থালায় প্রথমে তেল দিন। পিৎজার আকারে বেলুন দিয়ে ডো সেট করে নিন। পিজ্জা সেট হয়ে গেলে ডো-এর ওপর ডিম ফেটানো ছড়িয়ে এর ওপর এক স্তর সস ঢেলে দিন। মোজারেলা চিজ কুচি কুচি করে কেটে পুরো পিৎজাতে ছড়িয়ে দিন। বিফ, ক্যাপিসকাম, অলিভ, মাশরুম দিন। অরিগানো ও পাপরিকা ছড়িয়ে দিন। ডেকোরেশন শেষ হলে  প্রি-হিট ইলেক্ট্রিক ওভেনে ১৮০ ডিগ্রি সে.-তে ১৫ মিনিট রেখে নামিয়ে নিন।

স্পাইসি বিফ ক্রেপ

উপকরণ

ক্রেপের জন্য :  ময়দা ১ কাপ, ডিম ২টা, লবণ সিকি চা চামচ, তেল ২ চা চামচ,  দুধ ১ কাপ

স্ট্যাফিংয়ের জন্য : গরুর মাংস ছোট করে কাটা ১ কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, কাঁচা মরিচ ১ টেবিল চামচ, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, গরম মসলা গুঁড়া সিকি চা চামচ, কালো গোল মরিচ গুঁড়া এক চিমটি, লবণ আধা চা চামচ,  তেল ২ টেবিল চামচ, বাটার ২ টেবিল চামচ

যেভাবে তৈরি করবেন

১. ক্রেপ তৈরির সব উপকরণ ভালো করে মিশিয়ে গোলা তৈরি করে নিন। এবার প্যানে হালকা তেল ব্রাশ করে ১ চামচ করে গোলা দিয়ে প্যানে ছড়িয়ে পাতলা রুটির মতো ক্রেপ তৈরি করুন।

২. এবার  অন্য প্যানে তেল দিয়ে পেঁয়াজ হালকা করে ভেজে বাকি উপকরণ সব দিয়ে কষিয়ে নিন। কষানো হলে সামান্য পানি দিন বিফ সেদ্ধ করুন। বিফ সেদ্ধ হয়ে পানি শুকিয়ে এলে নামিয়ে নিন।

৩.  ক্রেপ নিয়ে তার মাঝখানে স্টাফিং দিয়ে চারকোনা করে ভাঁজ করে নিন।

৪. ফ্রাইপ্যানে বাটার দিয়ে হালকা করে ভেজে নিন দুইপাশ। এরপর গরম গরম পরিবেশন করুন।