লক্ষ্মীপুরে করোনা রোগীদের পাশে যুবলীগ

লক্ষ্মীপুর জেলা যুবলীগের নেতারা মানবিক মূল্যবোধ নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন। টাকা পয়সা কিংবা কোনো বিনিময় ছাড়াই নিজেদের উদ্যোগে করোনায় আক্রান্তদের অক্সিজেন সরবরাহ করে যাচ্ছেন তারা। জেলা যুবলীগের কার্যালয়ে ফোন করলেই অক্সিজেন সিলিন্ডার নিয়ে আক্রান্তদের বাড়ি ছুটে যাচ্ছেন জেলা যুবলীগের নেতাকর্মীরা।

জেলা যুবলীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম সালাহ্উদ্দিন টিপু গত ৮ জুলাই উদ্বোধন করেন লাশ দাফন ও অক্সিজেন সেবা কার্যক্রম। লাশ দাফনের জন্য তিনটি কমিটিসহ মোট চারটি কমিটি গঠন করা হয়েছে।

সহযোগীদের নিয়ে সালাহ্উদ্দিন টিপু নিজে প্রত্যন্ত গ্রামে অক্সিজেন সিলিন্ডার বহন করে রোগীদের ডাকে সাড়া দিচ্ছেন। এ কার্যক্রম জেলা সদরসহ অন্যান্য উপজেলায়ও চলছে। গত এক মাসে দেড়শজনকে দেওয়া হয়েছে অক্সিজেন সেবা। তাদের ছোট ২৪টি ও বড় দুটি অক্সিজেন সিলিন্ডার রয়েছে। তবে চাহিদার তুলনায় তা খুবই অপ্রতুল। ২৪ ঘণ্টা জেলা যুবলীগের এ সেবা কার্যক্রম খোলা রয়েছে।

এখানে কর্মরত আবদুল আলী আজগর জানান, ফোন পেলেই তারা ছুটে যান রোগীর বাড়ি। দেওয়া হয় অক্সিজেন সেবা।

লক্ষ্মীপুর পৌরশহরের ৮নং ওয়ার্ডের বাসিন্দা ফাহাদ জানান, তার করোনা পজিটিভ বোনের শ্বাসকষ্ট দেখা দিলে যুবলীগের কার্যালয়ের হটলাইনে কল দিলে সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম সালাহ্উদ্দিন টিপু নিজে অক্সিজেন সিলিন্ডার নিয়ে বাসায় হাজির হন।