দেশে ৩৪ জন ব্যক্তির গুমের বিষয়ে জাতিসংঘ মানবাধিকার পরিষদকে জবাব দেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। গতকাল শুক্রবার গণমাধ্যমকে এ তথ্য জানান মন্ত্রী। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দেওয়া তথ্যের ভিত্তিতে সংস্থাটিকে জবাব দেওয়া হবে বলে জানান তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দুনিয়ার কমবেশি সব দেশেই গুম হয়। তবে তারা (জাতিসংঘ) ভারতকে কিছু বলে না। পাকিস্তানকে কিছু বলে না। আমরা তাদের বেশি পাত্তা দিই। তাই তারা আমাদের অনবরত হ্যামার করে।’ তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রে ২০২০ সালে ১ হাজার ৩৪ জন গুম হয়েছে। কই তারা তো এটা নিয়ে কিছুই বলে না। তবে আমাদের কাছে তারা যেটা জানতে চেয়েছে আমরা জবাব দেব।’
সম্প্রতি জাতিসংঘ মানবাধিকার পরিষদ থেকে বাংলাদেশে গুম হওয়া ৩৪ ব্যক্তির অবস্থান ও পরিণতি কী হয়েছে সে বিষয়ে জানতে চেয়ে চিঠি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে।