মাদক মামলায় দুই দফায় ছয় দিনের রিমান্ড শেষে আলোচিত চলচ্চিত্র নায়িকা পরীমণি ও তার ‘সহযোগী’ আশরাফুল ইসলাম দীপু, প্রযোজক নজরুল ইসলাম রাজ ও তার সহযোগী সবুজ আলী এবং মডেল পরিচয়ধারী মরিয়ম আক্তার মৌয়ের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
গতকাল শুক্রবার তাদের জামিনের আবেদন নাকচ করে দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। তদন্ত কর্মকর্তারা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের আটক রাখার আবেদন জানান।
পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী জামিন আবেদনে বলেন, পরীমণি একজন আন্তর্জাতিক মানের নায়িকা। ফোর্বস ম্যাগাজিনে তার নাম এসেছে। সামাজিক অবস্থান বিবেচনায় তার জামিনের প্রার্থনা করেন। আদালত জামিনের আবেদন নাকচ করলে ডিভিশনের আবেদন করেন। তখন রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল্লাহ আবু বলেন, ডিভিশনের বিষয়টি কারাবিধিতে আছে, কারা কর্র্তৃপক্ষ তা দেখবে।
গত ৫ আগস্ট পরীমণিকে বনানী থানার মাদক মামলায় চার দিন ও ১০ আগস্ট দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।
গত ৪ আগস্ট পরীমণির বনানীর বাসায় অভিযান চালিয়ে ওই বাসা থেকে বিদেশি মদ, দুটি গ্ল্যানলিভেট, একটি গ্ল্যানফিডিচ ও চার গ্রাম আইস উদ্ধারের কথা জানায় র্যাব। ওইদিন রাত সোয়া ৮টার দিকে পরীমণিকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য র্যাব সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়। পরে তার বিরুদ্ধে র্যাব-১-এর সিপিও মজিবর রহমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন। সেই মামলায় দুই দফায় ছয় দিনের রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠাল আদালত। গতকাল বিকেল ৪টা ১২ মিনিটে প্রিজন ভ্যানে করে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে পাঠানো হয় পরীমণি ও মৌকে ।
একই আদালত বনানী থানার অপর একটি মাদক মামলায় প্রযোজক নজরুল ইসলাম রাজ ও তার সহযোগী সবুজ আলীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক দুই দফায় ছয় দিনের রিমান্ড শেষে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের আটক রাখার আবেদন করেন। অপরদিকে রাজের পক্ষে তার আইনজীবী সিকদার আখতারুজ্জামান হিমেল জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেয়। গত ১০ আগস্ট পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় রাজের চার দিনের রিমান্ড হয়। সেই মামলায় এখনো তাকে জিজ্ঞাসাবাদ করা হয়নি।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সাঈদ মডেল মরিয়ম আক্তার মৌয়ের জামিনের আবেদন নাকচ করে দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত ১ আগস্ট রাতে মোহাম্মদপুরের বাবর রোডের বাসায় অভিযান চালিয়ে মদ, ইয়াবাসহ মৌকে গ্রেপ্তারের তথ্য জানান ডিবি সদস্যরা।
পরীমণিকে দেখতে কারাফটকে মানুষের ভিড় : পরীমণিকে গতকাল সন্ধ্যা ৭টার দিকে ঢাকার আদালত থেকে একটি প্রিজন ভ্যানে করে কড়া নিরাপত্তায় কারাগারে নেওয়া হয়। কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের (অতিরিক্ত দায়িত্ব) জেল সুপার আবদুল জলিল বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে পরীমণিকে কাশিমপুর কারাগারে আনা হচ্ছে এমন খবরে গণমাধ্যমকর্মী ও বিপুলসংখ্যক উৎসুক জনতা কারাফটকে এসে জড়ো হন। অনেকে প্রিজন ভ্যানের ভেতরে পরীমণিকে একনজর দেখার চেষ্টা করেন। তবে তাকে কেউ দেখতে পারেননি। তাকে বহনকারী প্রিজন ভ্যানটি সন্ধ্যা ৭টার দিকে দ্রুতগতিতে পুলিশের কড়া প্রহরায় কারাগারের প্রধান ফটক দিয়ে কারা কমপ্লেক্সের ভেতরে ঢুকে পড়ে।