টুথব্রাশে সাপ আতঙ্ক!

কয়েক দিন আগের কথা, জি ইয়ান নামের সিঙ্গাপুরের এক নারী বসে ছিলেন নিজ বাড়িতেই। সম্ভবত সে সময় কোনো গভীর ভাবনায় ডুবে ছিলেন তিনি। কিন্তু একটা শব্দ তার চিন্তায় ছেদ ঘটায়। হিস হিস শব্দে আঁতকে ওঠেন ইয়ান। খেয়াল করে ফের শোনেন শব্দটি। তার মনে হয় একটি গোখরা সাপ রাগে হিস হিস করছে তার বাড়ির ভেতরেই। ভয়ে রক্ত হিম হয়ে আসে ইয়ানের। শব্দটি রেকর্ড করে পাঠান বন্যপ্রাণী উদ্ধার দলের কাছে। সেটি শুনে ছুটে আসেন উদ্ধার দলের সদস্যরা। 

ইউপি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, বন্যপ্রাণী উদ্ধারকারী দল দেশটির পশ্চিম জুরাং অঞ্চলের ওই নারীর বাড়িতে গিয়ে ‘সাপ’টি খুঁজতে শুরু করেন তন্ন তন্ন করে। তাদের উপস্থিতিতেই একাধিকবার একই শব্দ হয়। তারাও ‘নিশ্চিত’ হন শব্দটি একটি কাল গোখরার। কোনো কারণে রেগে আছে খুব। সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বের করে দেওয়া হয় সবাইকে। সতর্কতার সঙ্গে কাজ শুরু করেন উদ্ধারকারী দলের সদস্যরা। কিন্তু শেষ অবধি কোনো সাপ তারা খুঁজে পাননি। রহস্য আরও দানা বাঁধতে শুরু করে। কেউ কেউ থার্মাল স্ক্যানার দিয়ে খুঁজে দেখার পরামর্শও দেন।

তবে নতুন কোনো উদ্যোগ ছাড়াই ঘণ্টাখানেক বাদে সেই রহস্যের উন্মোচন করেন মুহাম্মাদ সাফারি বিন মনসুর নামের একজন। কৌতূহলবশত ওই নারীর ঘরে থাকা একটি টুথব্রাশ হাতে তুলে নেন তিনি। সেটিতে সুইচ দেখে তাতে চাপও দেন। আর তখনই খোলাসা হয় সব কিছু। বারবার ব্রাশের সুইচ অফ-অন করে দেখেন সেটি থেকেই আসছে গোখরা সাপের হিস হিস শব্দ। 

পরে ইয়ান জানান, আসলে তার ব্রাশের মধ্যে পানি যাওয়ায় যান্ত্রিক কোনো গোলযোগ হয়ে এমন শব্দ করছিল সেটি।