পন্টুনে বাস আটকে বন্ধ ফেরি, ঘাটে যানবাহনের সারি

শরীয়তপুরের নরসিংহপুর ফেরিঘাটে গতকাল শুক্রবার ১ নম্বর পন্টুনে একটি বাস আটকে গেলে প্রায় ছয় ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকে। এতে চার শতাধিক যানবাহন আটকা পড়ে। অন্যদিকে নদী উত্তাল থাকায় পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়।

বিআইডব্লিউটিসির নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক আবদুল মোমেন জানান, ভোর ৫টার দিকে ১ নম্বর পন্টুন দিয়ে ফেরিতে ওঠার সময় একটি বাস আটকা পড়ে। এরপর ওই পন্টুনে সব ধরনের যানবাহন ওঠা ও ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্র্তৃপক্ষ। বাসটি সরানোর পর বেলা ১১টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।

নরসিংহপুরের দুটি ঘাট দিয়ে ছয়টি ফেরি যানবাহন পারাপার করে। এখান দিয়ে খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, রবিশালসহ কয়েকটি জেলার যানবাহন চলাচল করে। ১ নম্বর পন্টুন বন্ধ থাকলেও ২ নম্বর পন্টুনে যানবাহন চলাচল স্বাভাবিক ছিল। তবে একটি পন্টুন বন্ধের প্রভাবে ঘাটে চার শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় আটকা পড়ে বলে জানান তিনি।

এদিকে গতকাল সকাল থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে বৃষ্টির সঙ্গে নদী উত্তাল থাকায় ফেরি চলাচল ব্যাহত হয়। এতে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার এই প্রবেশপথে প্রাইভেট কার, বাস ও জরুরি পণ্যবাহী ট্রাক ফেরি পারাপারের অপেক্ষায় আটকা পড়ে।

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডিজিএম মো. জিল্লুর রহমান জানান, বৃষ্টির সঙ্গে পদ্মায় তীব্র স্রোত থাকায় ফেরি চলাচল ব্যাহত হয়েছে। শিমুলিয়া-বাংলাবাজার নৌরুট থেকে বৃহস্পতিবার চারটি যুক্ত হওয়ায় এখানে মোট ১৯টি ফেরি রয়েছে। তবে ছোট-বড় মিলে ১৭টি ফেরিতে যানবাহন পারাপার করা হয় বলে জানান তিনি।

মানিকগঞ্জ ট্রাফিক পুলিশ জানিয়েছে, পাটুরিয়া প্রান্তে সকাল ১০টার দিকে পাঁচ শতাধিক এবং উথুলি সংযোগ মোড়ে দুই শতাধিক পণ্যবাহী ট্রাক ফেরি পারাপারের অপেক্ষায় ছিল।