করোনায় টানা তিন দিন ধরে মৃত্যু দুইশোর নিচে

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরও ১৮৭ জনের মৃত্যু হয়েছে। এর আগে গত শনিবার ১৭৮ ও তার আগের দিন গত শুক্রবার ১৯৭ জনের মৃত্যু হয়েছিল। এ নিয়ে করোনায় টানা তিন দিন ধরে মৃত্যুর সংখ্যা দুইশোর নিচে। এ পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু সরকারি হিসাবে ২৪ হাজার ১৭৫ জন  ছাড়াল। গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ৬৮৪ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের নিয়ে দেশে এখন পর্যন্ত শনাক্ত হলো ১৪ লাখ ১৮ হাজার ৯০২ জন। গতকাল রবিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে সুস্থ হয়েছে ১১ হাজার ৩৭১ জন। তাদের নিয়ে সুস্থ হলেন ১২ লাখ ৯২ হাজার ৬ জন। গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ৩১ হাজার ৪০৩টি আর এ সময়ে নমুনা পরীক্ষা হয়েছে ৩৩ হাজার ১টি। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে ৮৪ লাখ ৮ হাজার ৫২১টি।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৬২ লাখ ২০ হাজার ৭০৯টি আর বেসরকারি ব্যবস্থাপনায় ২১ লাখ ৮৭ হাজার ৮১২টি। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত রোগী শনাক্তের হার ২০ দশমিক ২৫ শতাংশ আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৬ দশমিক ৮৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ১১ শতাংশ আর  মৃত্যুর হার ১ দশমিক ৭০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৮৭ জনের মধ্যে পুরুষ ১০১ আর নারী ৮৬ জন। দেশে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে পুরুষ মারা গেল ১৫ হাজার ৯৪৩ আর নারী ৮ হাজার ২৩২ জন।

অধিদপ্তর আরও জানায়, এর মধ্যে ৯১ থেকে ১০০ বছরের মধ্যে আছেন ২, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১৪, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৩৯, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৫৮, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৪০, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২০, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১০ আর ২১ থেকে ৩০ বছরের মধ্যে রয়েছে ৪ জন। মারা যাওয়া ১৮৭ জনের মধ্যে ঢাকা বিভাগের ৭১, চট্টগ্রাম বিভাগের ৩৯, রাজশাহী বিভাগের ১২, খুলনা বিভাগের ২১, বরিশাল বিভাগের ৮, সিলেট ও রংপুরের ১৩ জন করে আর ময়মনসিংহ বিভাগের রয়েছে ১০ জন। এর মধ্যে ১৪১ জনের মৃত্যু হয়েছে সরকারি হাসপাতালে, ৪২ জন মারা গেছে বেসরকারি হাসপাতালে, বাড়িতে মারা গেছে তিনজন আর হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে একজনকে।