একদিন বন্ধের পর হিলিতে আবারও আমদানি-রপ্তানি শুরু

একদিন বন্ধের পর আবারও দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্যসহ বন্দরের ভেতরের সকল কার্যক্রম শুরু হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১০টায় ভারত থেকে আমদানিকৃত পণ্যবাহী ট্রাক দেশে প্রবেশের মধ্য দিয়ে বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।

হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, গতকাল রবিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সরকারি ছুটি ছিল।

এছাড়াও গতকাল ভারতের স্বাধীনতা দিবস ছিল। যার কারণে হিলি স্থলবন্দর দিয়ে দুদেশের মাঝে পণ্য আমদানি-রপ্তানিসহ বন্দরের ভেতরের সকল কার্যক্রম পুরোপুরি বন্ধ ছিল।

ছুটি শেষে সোমবার সকাল থেকে বন্দর দিয়ে পুনরায় দুদেশের মাঝে পণ্য আমদানি রপ্তানিসহ বন্দরের ভেতরে ভারতীয় ট্রাক থেকে পণ্য খালাস, বাংলা ট্রাকে ওঠানো, ডেলিভারি দেওয়াসহ সকল কার্যক্রম শুরু হয়েছে।