ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মদনপুরে দ্রুতগতির ট্রাক চলন্ত বাসকে পেছন থেকে ধাক্কা দিলে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত ১২ জন।
সোমবার (১৬ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে নারায়ণগঞ্জের বন্দর থানার মদনপুরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন মাহমুদা বেগম (৩২), রাসেল মিয়া (৩৬) ও অজ্ঞাতনামা এক নারী। নিহত তিনজনই বন্দরের মদনপুরের ইপিলিওন নামক রপ্তানীমুখি পোশাক কারখানার শ্রমিক।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে শিল্প পুলিশের এক কর্মকর্তা জানান, ইপিলিওন কারখানায় প্রায় ১৭০০ শ্রমিক কাজ করেন। অন্যান্য দিনের মতো সন্ধ্যা ৭টায় ছুটি হওয়ার পর নাফ নামে একটি মিনি বাসে করে ঢাকার পথে যাচ্ছিলেন শ্রমিকরা। পথে বন্দর স্টিল মিলের সামনে পৌঁছাতেই সড়ক ও জনপথ বিভাগের একটি লরি ধাক্কা দিলে বাসের ১০-১২ জন আহত হয় এবং তিনজনের মৃত্যু হয়।
এ ব্যাপারে কাঁচপুর হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান জানান, চলন্ত বাসের পেছন থেকে সড়ক ও জনপথের দ্রুতগতির ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই এক নারীর মাথা বিচ্ছিন্ন হয়ে মৃত্যু হয়। এ ছাড়া ওই বাসের আরো দুই যাত্রী আল বারাকা হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।