নয়াপল্টনে মির্জা ফখরুল

মোশতাকের মন্ত্রিসভায় যোগদানকারীদের কথা আ.লীগ বলে না

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘শেখ মুজিবুর রহমানের রক্তের ওপর দিয়ে হেঁটে আওয়ামী লীগের যেসব নেতা খোন্দকার মোশতাকের মন্ত্রিসভায় যোগ দিয়েছিলেন তাদের কথা আওয়ামী লীগ বলে না। কর্নেল তাহের বঙ্গভবনে বৈঠক করেছিলেন খোন্দকার মোশতাকের সঙ্গে। তাদের কথাও আওয়ামী লীগ বলে না।’

গতকাল সোমবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির উদ্যোগে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার ৭৭তম জন্মদিন উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আমরা খুব ভালো করেই জানি যখন ১৫ আগস্টের হত্যাকান্ড ঘটে সেই হত্যাকান্ডের পর কারা ক্ষমতায় এসেছিল। ক্ষমতায় এসেছিল আওয়ামী লীগ, তাদেরই নেতা খোন্দকার মোশতাক আহমদ সেদিন ক্ষমতাসীন হয়েছিলেন। তিনি শেখ মুজিবুর রহমানের রক্তের ওপর দিয়ে হেঁটে আওয়ামী লীগ নেতৃবৃন্দকে নিয়েই নতুন মন্ত্রিসভা গঠন করেছিলেন। এ কথা আমরা ভুলে যাইনি।’

বিএনপি মহাসচিব প্রশ্ন রেখে বলেন, ‘১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানকে হত্যার পর সেদিন যারা বিভিন্নভাবে সেই ষড়যন্ত্রকারীদের সঙ্গে আঁতাত করেছিল এবং তাদেরকে সাহায্য করেছিল সেই কর্নেল তাহেরের নাম কিন্তু তারা একবারও উচ্চারণ করে না। কর্নেল তাহের সেদিন নারায়ণগঞ্জ থেকে রেডিও সেন্টারে এসেছিলেন এবং তার পরের দিন বঙ্গভবনে মিটিংও করেছেন। তাদের কথা তারা বলে না।’

মির্জা ফখরুল বলেন, ‘এই সরকার ইতিহাসকে বিকৃত করার জন্য এবং জনগণের দৃষ্টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের বিরুদ্ধে অত্যন্ত অপমানজনক কথাবার্তা বলছে। এই কথাবার্তাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে ইতিহাসকে বিকৃত করা এবং জনগণকে বিভ্রান্ত করা।’

করোনাভাইরাসের গণটিকাদান কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, ‘সরকার করোনা পরিস্থিতি সঠিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়েছে এবং সেই টিকা সংগ্রহ করতে গিয়ে দুর্নীতি করেছে। তারা গণটিকা প্রদানের নামে আরেকটি তামাশা জনগণের সামনে উপস্থিত করেছে।’

কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির পরিচালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে দলের স্থায়ী কমিটির গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান ও আবদুস সালাম বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন বিএনপির হাবিবুর রহমান হাবিব, খায়রুল কবির খোকন, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, শিরিন সুলতানা, মীর সরফত আলী সপু, আবদুস সালাম আজাদসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

এ ছাড়া আজ মঙ্গলবার ছাত্রদল, যুবদল রাজধানী ঢাকাসহ সারা দেশে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে তার সুস্থতা কামনা করে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করবে।