১৭ আগস্ট জেএমবির দেশব্যাপী সিরিজ বোমা হামলা ও ১৫ আগস্টের হত্যাকা-ের কুশীলবদের বিচারের দাবিতে গোপালগঞ্জ ও রাঙ্গামাটিতে মানববন্ধন ও কালো পতাকা প্রদর্শন কর্মসূচি পালন করেছে ছাত্রলীগ। অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন পালন করেছে স্বেচ্ছাসেবক লীগ। গতকাল মঙ্গলবার দিনের বিভিন্ন সময়ে এসব কর্মসূচি পালন করা হয়। প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন:
গোপালগঞ্জ : এদিন সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে মানববন্ধন পালন করে জেলা ছাত্রলীগ। এ সময় জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লা, সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়াল, সহ-সভাপতি সেতু আকিব, রাসেল মোল্যা, সহ-সাধারণ সম্পাদক আমির হামজা, সাংগঠনিক সম্পাদক কাজী পারভেজ প্রমুখ উপস্থিত ছিলেন।
রাঙ্গামাটি : জেএমবির সিরিজ বোমা হামলার ১৬তম বার্ষিকীতে কালো পতাকা প্রদর্শন কর্মসূচি পালন করেছে রাঙ্গামাটি জেলা ছাত্রলীগ। গতকাল সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি পালন হয়। এ সময় কালো পতাকা উত্তোলন, এক মিনিট নীরবতা পালন ও আলোচনা সভার আয়োজন করে ছাত্রলীগ নেতাকর্মীরা। এ সময় জেলা ছাত্রলীগের সভাপতি আবদুল জব্বার সুজন, সহসভাপতি কলিম উদ্দিন, শিমুল দাশ, সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন।
ব্রাহ্মণবাড়িয়া : জেএমবির সিরিজ বোমা হামলার বার্ষিকীতে গতকাল ব্রাহ্মণবাড়িয়া শহরের প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক লীগ। জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট লোকমান হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুজ্জামান আরিফের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক আবদুল খালেক বাবুল, জেলা কৃষকলীগ সভাপতি সাদেকুর রহমান শরীফ প্রমুখ।