কমিশন কর্তৃক আরোপিত জরিমানা এবং গ্রাহকের পাওনা নিষ্পত্তি না করায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সদস্য প্রতিষ্ঠান ফার্স্টলিড সিকিউরিটিজের নিবন্ধন সনদের কার্যকারিতা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। গতকাল কমিশনের নিয়মিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে সিকিউরিটিজ হাউজটিতে শেয়ার লেনদেনসহ সব ধরনের কার্যক্রম স্থগিতের শঙ্কা তৈরি হয়েছে।
গতকাল ফার্স্টলিড সিকিউরিটিজ থেকে জরিমানা আদায় ও গ্রাহকের পাওনা নিষ্পত্তি বিষয়ে পদক্ষেপ নিতে সিএসইকে ১৫ দিনের সময় বেঁধে দিয়েছে কমিশন। এ সময়ের মধ্যে তা নিষ্পত্তি না হলে ব্রোকারেজ হাউজটির সব ধরনের কার্যক্রম বন্ধের নির্দেশনা জারি করবে এসইসি।
এছাড়াও গতকালের সভায় ভিশন ক্যাপিটাল ম্যানেজমেন্টের গ্রাহক তারিকুল হাকিম খানের তিন লাখ ২০ হাজার টাকা পাওনা সংক্রান্ত অভিযোগ ডিএসইকে আগামী ৯০ দিনের মধ্যে নিষ্পত্তিপূর্বক কমিশনকে অবহিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।