গোপালগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ২০০ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিয়েছে আবাহনী ক্রীড়াচক্র, গোপালগঞ্জ। গতকাল বুধবার জেলার শেখ ফজলুল হক মনি স্মৃতি মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়।
এদিন সদর উপজেলার ২০০ বীর মুক্তিযোদ্ধাকে এ সম্মাননা দেওয়া হয়। এ ছাড়া তাদের জন্য খাবারের ব্যবস্থাও করা হয়। সম্মাননা হিসেবে প্রত্যেককে একটি করে শাড়ি, লুঙ্গি, স্যানিটাইজার, হ্যান্ডওয়াশ, দুটি সাবান ও মাস্কসহ নগদ ৫০০ টাকা দেওয়া হয়।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা। উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী এমদাদুল হক, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা ও সদর উপজেলা চেয়ারম্যান লুৎফর রহমান বাচ্চু।